বাংলাদেশকে নিয়ে ভ্রমণ সতর্কতা শিথিল করল যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্তরে উন্নীত
- প্রকাশঃ ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৩
- / 4
বাংলাদেশ ভ্রমণের বিষয়ে জারি করা ভ্রমণ সতর্কতার মাত্রা আরও শিথিল করেছে যুক্তরাষ্ট্র। আগের তৃতীয় মাত্রার ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ (Reconsider Travel) পর্যায় থেকে বাংলাদেশকে নামিয়ে দ্বিতীয় মাত্রার ‘বাড়তি সতর্কতা পালন করুন’ (Exercise Increased Caution) পর্যায়ে উন্নীত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরিবর্তনের অর্থ হলো, যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ এখন আগের তুলনায় ভ্রমণের জন্য আরও নিরাপদ।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের বৈঠকের পর বিষয়টি জানা যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, বৈঠক শেষে সার্জিও গোর এসএমএসের মাধ্যমে খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা হালনাগাদের বিষয়টি জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং স্থিতিশীলতার প্রতি তাদের আস্থার প্রতিফলন। সরকারের মতে, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিরাপত্তা জোরদারে নেওয়া বিভিন্ন পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক মূল্যায়ন পেয়েছে।
সরকার আশা প্রকাশ করেছে, ভ্রমণ সতর্কতার এই পরিবর্তন বিদেশি পর্যটন, আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, এই সিদ্ধান্ত বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের ধারাবাহিক প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন।
এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র। পরদিন মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বাংলাদেশকে লেভেল-৪ ‘ভ্রমণ করবেন না’ (Do Not Travel) তালিকায় রাখা হয়। সেখানে বেসামরিক অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসবাদের ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছিল।
পরবর্তীতে পরিস্থিতির উন্নতির পর সেই সতর্কতা শিথিল করে বাংলাদেশকে লেভেল-৩ ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ পর্যায়ে নামিয়ে আনে যুক্তরাষ্ট্র। সে সময় ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজেও হালনাগাদ নির্দেশনা প্রকাশ করা হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বলা হয়েছিল, ২০২৪ সালের জুলাই মাসের নাগরিক অস্থিরতার পর সহিংস সংঘর্ষ অনেকাংশে শেষ হলেও কিছু এলাকায় এখনও ঝুঁকি রয়েছে। মার্কিন নাগরিকদের সব ধরনের জনসমাগম, বিশেষ করে রাজনৈতিক সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদ, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার পার্বত্য অঞ্চলে ভ্রমণ না করার পরামর্শ বহাল রাখা হয়।
নির্দেশনায় আরও বলা হয়েছিল, বাংলাদেশে ভ্রমণকারীদের জনাকীর্ণ এলাকায় পকেটমারসহ ছোটখাটো অপরাধ সম্পর্কে সতর্ক থাকতে হবে। পাশাপাশি ছিনতাই, চুরি, হামলা এবং অবৈধ মাদক পাচারের মতো অপরাধ বড় শহরগুলোতে ঘটতে পারে। তবে বিদেশি নাগরিকদের জাতীয়তার ভিত্তিতে লক্ষ্যবস্তু করা হচ্ছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে লেভেল-২ ‘বাড়তি সতর্কতা পালন করুন’ পর্যায়ে উন্নীত করায় দেশটির ভ্রমণ মূল্যায়নে আরও ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন ঘটেছে।
























