প্রেমের খোঁজে ফিনল্যান্ডে বিনা খরচে ভ্রমণ, সুযোগ পাবেন অবিবাহিত তরুণ-তরুণী
- প্রকাশঃ ০২ নভেম্বর ২০২৬, ১৪:৩৯
- / 3
হেলসিঙ্কি, ২ নভেম্বর, (প্রজন্ম কথা) – প্রেমের খোঁজে কিংবা নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বিশ্বের বিভিন্ন দেশের অবিবাহিত ব্যক্তিদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ দিচ্ছে দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’। ‘ফিনিশ ডিনার ডেট’ নামের বিশেষ এ আয়োজনে নির্বাচিত হবেন ১৬ জন। তাঁদের বিমানভাড়া, আবাসন, খাবার ও নির্ধারিত কার্যক্রমের ব্যয় বহন করবে আয়োজকেরা। ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে হেলসিঙ্কি ও তাম্পেরে শহরে চার দিনের দুটি পৃথক ভ্রমণের আয়োজন করা হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১০ নভেম্বর ২০২৬।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ১৬ জন আন্তর্জাতিক অংশগ্রহণকারীকে আটজন করে দুটি দলে ভাগ করা হবে। একটি দল যাবে রাজধানী হেলসিঙ্কিতে, অন্য দল তাম্পেরে শহরে। প্রতিটি দলের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন স্থানীয় দুজন অবিবাহিত ফিনিশ নাগরিক। সেখানে থাকবে বিশেষ খাবারের আয়োজন, স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ এবং নতুন মানুষের সঙ্গে সময় কাটানোর ব্যবস্থা। তবে এটি একান্ত ব্যক্তিগত পরিচয়পর্ব নয়, বরং দলগত নৈশভোজের আয়োজন। অংশগ্রহণকারীরা প্রেমের সম্পর্ক খুঁজে পাবেন, এমন নিশ্চয়তা দিচ্ছে না কর্তৃপক্ষ।
ফিনল্যান্ডের স্থানীয় খাবার ও সংস্কৃতির সঙ্গে বিদেশি পর্যটকদের পরিচয় করিয়ে দেওয়াই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। নৈশভোজের মেনু তৈরি করবেন দেশটির দুই অভিজ্ঞ শেফ। হেলসিঙ্কি অঞ্চলের খাবারের আয়োজন করবেন ক্যাফে সাভয়ের প্রধান শেফ আদেলে কিনুনেন। অন্যদিকে তাম্পেরে ও লেকল্যান্ড অঞ্চলের মেনু তৈরি করবেন রেস্তোরাঁ গোস্তার শেফ হেনরি তিক্কানেন। খাবারের পাশাপাশি ভ্রমণসূচিতে স্থানীয় পরিবেশ, ঐতিহ্য ও জীবনযাত্রার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও থাকবে।
আবেদন করবেন যেভাবে
আবেদন করতে হলে বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে অথবা নতুন কারও সঙ্গে পরিচিত হওয়ার জন্য স্বাধীন ও আগ্রহী থাকতে হবে। প্রথমে ইংরেজিতে একটি ছোট ভিডিও তৈরি করতে হবে। সেখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে: ডিনার ডেটে গেলে আপনি সঙ্গীকে কী খাবার পরিবেশন করবেন এবং কেন? ভিডিওটি নিজের সৃজনশীলতা ও ব্যক্তিত্ব তুলে ধরে তৈরি করতে হবে।
এরপর ভিডিওটি ইনস্টাগ্রাম, টিকটক অথবা ইউটিউবে প্রকাশ করতে হবে। সঙ্গে #FinnishDinnerDate হ্যাশট্যাগ ব্যবহার করে ভিজিট ফিনল্যান্ডের নির্ধারিত অ্যাকাউন্টকে ট্যাগ করতে হবে। ইনস্টাগ্রাম ও টিকটকে ভিডিও প্রকাশ করলে আবেদনকারীর অ্যাকাউন্ট সবার জন্য উন্মুক্ত থাকতে হবে। চাইলে ইউটিউবে ভিডিওটি সবার জন্য প্রকাশ না করে নির্দিষ্ট লিংকের মাধ্যমে দেখার উপযোগী রেখেও আবেদন করা যাবে।
ভিডিও প্রকাশের পর ভিজিট ফিনল্যান্ডের নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে হবে এবং সেখানে ভিডিওর লিংক যুক্ত করতে হবে। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করলেই আবেদন সম্পূর্ণ হবে না। ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ফিনল্যান্ডের স্থানীয় সময় সকাল ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নির্বাচিত ১৬ জনের নাম ১ ডিসেম্বর ভিজিট ফিনল্যান্ডের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে। নির্বাচিতদের সঙ্গে সরাসরিও যোগাযোগ করা হবে।
‘ফিনিশ ডিনার ডেট’ আয়োজনের ধারণা এসেছে দেশটির জনপ্রিয় ‘সিঙ্কুকোরি’ বা অবিবাহিতদের ঝুড়ি ব্যবহারের প্রবণতা থেকে। ফিনল্যান্ডের কিছু সুপারশপে অবিবাহিত ক্রেতারা গোলাপি রঙের ঝুড়ি ব্যবহার করেন। এর মাধ্যমে তাঁরা নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বা কথা বলতে আগ্রহী থাকার সংকেত দেন। এই ধারণাকে কেন্দ্র করেই খাবার ও সামাজিক যোগাযোগের সমন্বয়ে আন্তর্জাতিক আয়োজনটি তৈরি করেছে ভিজিট ফিনল্যান্ড।
ফিনল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের লক্ষ্য, খাবার ও স্থানীয় সংস্কৃতির মাধ্যমে দেশটিকে নতুনভাবে আন্তর্জাতিক পর্যটকদের কাছে তুলে ধরা। নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য এটি যেমন চার দিনের ভ্রমণের সুযোগ, তেমনি ভিন্ন দেশের মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং ফিনল্যান্ডের জীবনযাত্রা কাছ থেকে দেখার অভিজ্ঞতাও হতে পারে।
















