নিউইয়র্কে বাড়ির বেজমেন্ট ভাড়া দিলেই জরিমানা, মালিকদের জন্য যেসব নিয়ম জানা জরুরি
- প্রকাশঃ ১০ নভেম্বর ২০২৬, ০০:০০
- / 7
নিউইয়র্ক (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বাড়ির বেজমেন্ট বা নিচতলার অংশ অ্যাপার্টমেন্ট হিসেবে ভাড়া দেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম রয়েছে। প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তার শর্ত পূরণ না করে এসব জায়গা বসবাসের জন্য ভাড়া দিলে বাড়ির মালিককে দৈনিক ১ হাজার ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। নির্দিষ্ট অবৈধ ভবন রূপান্তরের অভিযোগে এই জরিমানা সর্বোচ্চ ৪৫ হাজার ডলারে পৌঁছাতে পারে। একই সঙ্গে বাসিন্দাদের বাড়ি ছাড়ার নির্দেশ এবং তাঁদের অস্থায়ী আবাসনের খরচও মালিকের ওপর বর্তাতে পারে।
নিউইয়র্ক সিটির ভবন বিভাগ (ডিওবি) জানিয়েছে, এই জরিমানা সব ধরনের ভবনসংক্রান্ত অনিয়মের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অনুমোদন ছাড়া ভবনের ভেতরে নতুন বসবাসের জায়গা তৈরি কিংবা অবৈধভাবে অ্যাপার্টমেন্টে রূপান্তরের অভিযোগে নির্দিষ্ট গুরুতর সমন জারি হলে দৈনিক জরিমানা আরোপ করা হতে পারে। অনিয়ম সংশোধনের প্রমাণ জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি না করা পর্যন্ত জরিমানা বাড়তে পারে। এ ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৪৫ হাজার ডলার।
এ ছাড়া নির্ধারিত শুনানিতে হাজির না হলে বা অভিযোগের জবাব না দিলে ভায়োলেশনের ধরন অনুযায়ী অতিরিক্ত জরিমানার ঝুঁকি রয়েছে। তাই কোনো নোটিশ পেলে সেটি উপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
বেজমেন্ট ভাড়ার ক্ষেত্রে কী কী শর্ত রয়েছে
নিউইয়র্ক সিটির আবাসন সংরক্ষণ ও উন্নয়ন বিভাগ (এইচপিডি) এবং ভবন বিভাগের নিয়ম অনুযায়ী, কোনো বেজমেন্টকে বৈধভাবে বসবাসের উপযোগী করতে পর্যাপ্ত আলো-বাতাস, স্যানিটেশন, নিরাপদ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা এবং প্রয়োজনীয় ভবন অনুমোদন থাকতে হবে। ভবনের ব্যবহারের অনুমোদনপত্রেও সংশ্লিষ্ট জায়গার বৈধ আবাসিক ব্যবহারের বিষয়টি উল্লেখ থাকতে হবে।
বিশেষ করে এক পরিবারের বাড়ির বেজমেন্ট ভাড়া দেওয়ার ক্ষেত্রে কয়েকটি নির্দিষ্ট শর্ত রয়েছে। ঘরের আয়তন আবাসন বিধিমালা অনুযায়ী হতে হবে এবং সিলিংয়ের উচ্চতা কমপক্ষে ৭ ফুট থাকতে হবে। প্রতিটি কক্ষে অন্তত একটি উপযুক্ত জানালা থাকতে হবে। এ ছাড়া বেজমেন্টে একটি পরিবারের বসবাসের অনুমতি রয়েছে, তবে সেখানে বোর্ডার রাখা যাবে না।
অন্যদিকে, এক ও দুই পরিবারের বাড়ির সেলার সাধারণভাবে বসবাস বা ভাড়ার জন্য ব্যবহার করা যায় না। তবে নির্দিষ্ট শর্ত পূরণ করে ভবন বিভাগের অনুমোদন ও প্রয়োজনীয় বসবাসের সনদ পাওয়া বিশেষ আবাসন ইউনিটের ক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে। দুই পরিবারের বাড়ির বেজমেন্ট ভাড়া দেওয়ার ফলে ভবনটি তিন বা তার বেশি পরিবারের আবাসনে পরিণত হলে নতুন অনুমোদন ও বসবাসের সনদের প্রয়োজন হতে পারে।
কোনো বেজমেন্ট বা সেলারে অবৈধভাবে মানুষ বসবাস করছে বলে অভিযোগ পাওয়া গেলে এইচপিডি ও ডিওবি পরিদর্শন করতে পারে। পরিদর্শনে নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বাড়ির মালিককে ভায়োলেশন দেওয়া হতে পারে। পরিস্থিতি গুরুতর হলে বাসিন্দাদের জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ বা ভ্যাকেট অর্ডারও জারি হতে পারে।
এমন নির্দেশ দেওয়া হলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য নগর কর্তৃপক্ষ অস্থায়ী আবাসনের ব্যবস্থা করতে পারে। তাঁদের স্থানান্তর ও আবাসনের পেছনে সরকারি সংস্থার যে অর্থ ব্যয় হবে, তা সংশ্লিষ্ট বাড়ির মালিকের কাছ থেকে আদায় করা হতে পারে। এসব খরচ পরিশোধ না করলে সম্পত্তির ওপর লিয়েন বা আর্থিক দায় আরোপের সুযোগ রয়েছে।
নিউইয়র্ক সিটির কম্পট্রোলারের ২০২৫ সালের ২১ এপ্রিল প্রকাশিত এক নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, এক ও দুই পরিবারের বাড়ির ক্ষেত্রে ভবন বিভাগের অধিকাংশ পরিদর্শন ও আইন প্রয়োগের কার্যক্রম অভিযোগের ভিত্তিতে পরিচালিত হয়। বিশেষ করে ২০২২ ও ২০২৩ সাল এবং ২০২৪ সালের প্রথম প্রান্তিকের তথ্য পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে।
অর্থাৎ, কোনো বাড়িতে অবৈধ নির্মাণ, অনুমোদনহীন অ্যাপার্টমেন্ট কিংবা ভবনের অননুমোদিত ব্যবহারের অভিযোগ জমা পড়লে কর্তৃপক্ষ তদন্তে নামতে পারে। এ ধরনের অভিযোগ জানানোর জন্য নগরীর ৩১১ সেবা নম্বরে যোগাযোগ করা যায়।
বেজমেন্ট ভাড়া দেওয়ার আগে বাড়ির মালিকদের করণীয়
- নিউইয়র্কে বেজমেন্ট ভাড়া দেওয়ার আগে বাড়ির মালিকদের কয়েকটি বিষয় নিশ্চিত করা জরুরি।
- ভবনের সার্টিফিকেট অব অকুপেন্সিতে বেজমেন্টের বৈধ ব্যবহার উল্লেখ আছে কি না যাচাই করা।
- ভবন বিভাগের প্রয়োজনীয় অনুমোদন ও নির্মাণ পারমিট রয়েছে কি না নিশ্চিত হওয়া।
- ঘরের আয়তন, সিলিংয়ের উচ্চতা, জানালা ও আলো-বাতাসের ব্যবস্থা যাচাই করা।
- নিরাপদ প্রবেশ ও জরুরি অবস্থায় বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করা।
- ভবনটি এক, দুই নাকি একাধিক পরিবারের আবাসন হিসেবে অনুমোদিত, তা যাচাই করা।
মনে রাখতে হবে, বেজমেন্টে আলাদা প্রবেশপথ, রান্নাঘর ও বাথরুম থাকলেই সেটি বৈধ অ্যাপার্টমেন্ট হিসেবে স্বীকৃতি পায় না। প্রয়োজনীয় অনুমোদন ও নিরাপত্তার শর্ত পূরণ করাই বৈধভাবে ভাড়া দেওয়ার মূল বিষয়।























