মাইলস্টোন ট্র্যাজেডি: নিহত ৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
- প্রকাশঃ ০৮:৪৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
- / 142
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত | ছবি: মীর হোসেন
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনায় নিহত ৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, যেসব ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, তাঁরা হলেন:
-
ফাতেমা আক্তার (৯) – গনি শেখের মেয়ে, বাগেরহাট
-
সামিউল করিম (৯) – বরিশাল
-
রজনী ইসলাম (৩৭) – কুষ্টিয়া
-
মেহনাজ আফরিন হুরায়রা (৯) – টাঙ্গাইল
-
শারিয়া আক্তার (১৩) – রফিক মোল্লাহর মেয়ে, ঢাকা
-
নুসরাত জাহান আনিকা (১০) – ঢাকা
-
সাদ সালাউদ্দিন – মুকুল সালাউদ্দিনের ছেলে, ঢাকা
-
সায়মা আক্তার (৯) – শাহ আলমের মেয়ে, গাজীপুর
আইএসপিআর আরও জানায়, বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ বর্তমানে মর্গে রয়েছে এবং আনুষ্ঠানিক কার্যক্রম শেষে তা হস্তান্তরের প্রস্তুতি চলছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে আঘাত হানে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক, যাঁদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
মরদেহ হস্তান্তরের সময় পরিবারগুলোর কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। নিহতদের মরদেহ গ্রহণে সার্বিক সহায়তায় ছিল আইন-শৃঙ্খলা বাহিনী ও সামরিক কর্মকর্তারা। নিহতদের প্রতি সম্মান জানিয়ে আজও বিভিন্ন জায়গায় শোক কর্মসূচি পালন করা হয়েছে।















