পড়াশোনা বন্ধ বা ক্লাসে অনুপস্থিতি, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কতা
- প্রকাশঃ ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৫
- / 13
ঢাকা, ২২ আগস্ট, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ভিসার শর্ত ভঙ্গ করলে শিক্ষার্থী ভিসা বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দূতাবাস শিক্ষার্থীদের ভিসার শর্ত ও বৈধ শিক্ষার্থী অবস্থান বজায় রাখার বিষয়ে সতর্ক করে।
বার্তায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থী পড়াশোনা বন্ধ করে দিলে, নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত না থাকলে অথবা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কার্যক্রম থেকে সরে গেলে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
দূতাবাসের সতর্কবার্তা অনুযায়ী, এ ধরনের পরিস্থিতিতে বর্তমান ভিসা বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে। এমনকি ভিসা পাওয়ার যোগ্যতা হারানোর ঝুঁকিও থাকতে পারে।
এ কারণে সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের ভিসার নির্ধারিত শর্ত যথাযথভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বৈধ শিক্ষার্থী অবস্থান বজায় রাখতে সংশ্লিষ্ট নিয়মকানুন অনুসরণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই সতর্কতা প্রযোজ্য। শিক্ষার্থীদের পড়াশোনা, উপস্থিতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগের ক্ষেত্রে ভিসা ও অভিবাসনসংক্রান্ত শর্ত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।






























