মার্কিন মেডিক্যাল স্কুলের ১০ শিক্ষার্থীর একজন বাংলাদেশি বংশোদ্ভূত আফশা, পেলেন পিসাকানো বৃত্তি
- প্রকাশঃ ২৬ নভেম্বর ২০২৬, ১৩:৩৩
- / 1
জর্জিয়া, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের মেডিক্যাল কলেজ অব জর্জিয়ার চতুর্থ বর্ষের শিক্ষার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আফশা হোসেন এ বছর পিসাকানো স্কলার হিসেবে নির্বাচিত হয়েছেন। দেশটির বিভিন্ন মেডিক্যাল স্কুলের শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ১০ জনের মধ্যে তিনি রয়েছেন। জর্জিয়া অঙ্গরাজ্য থেকে এবার একমাত্র শিক্ষার্থী হিসেবে এ স্বীকৃতি পেয়েছেন আফশা।
সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চিকিৎসার সুযোগ সম্প্রসারণ এবং পারিবারিক চিকিৎসাব্যবস্থায় কাজ করার আগ্রহ ও অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে তাকে এ বৃত্তি দেওয়া হয়েছে।
শুক্রবার মেডিক্যাল কলেজ অব জর্জিয়ার ফেসবুক পেজ এবং সংবাদমাধ্যম জ্যাগওয়্যারে প্রকাশিত প্রতিবেদনে আফশার এ অর্জনের তথ্য জানানো হয়।
পিসাকানো বৃত্তি যুক্তরাষ্ট্রে পারিবারিক চিকিৎসা পেশায় আগ্রহী মেডিক্যাল শিক্ষার্থীদের জন্য একটি স্বীকৃতিমূলক কর্মসূচি। চিকিৎসক নিকোলাস জে. পিসাকানোর স্মরণে প্রতিষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতের পারিবারিক চিকিৎসকদের নেতৃত্বের দক্ষতা, পেশাগত জ্ঞান ও জনসেবার মানসিকতা বিকাশে সহায়তা করা হয়।
১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের আমেরিকান বোর্ড অব ফ্যামিলি মেডিসিন এ কর্মসূচি চালু করে। পারিবারিক চিকিৎসাকে চিকিৎসাবিজ্ঞানের স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখা সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রথম নির্বাহী পরিচালক নিকোলাস জে. পিসাকানোর নামে বৃত্তিটির নামকরণ করা হয়।
আফশার চিকিৎসক হওয়ার আগ্রহের পেছনে রয়েছে তার পরিবারের স্বাস্থ্যসেবা পাওয়ার অভিজ্ঞতা। তার বাবা-মা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। জর্জিয়ার আটলান্টা মহানগর এলাকায় বাংলাদেশি অভিবাসী পরিবারে বেড়ে ওঠা আফশা পরিবারের প্রথম সদস্য, যিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন।
শৈশবে তিনি দেখেছেন, স্বাস্থ্যবিমা না থাকায় তার বাবা-মাকে চিকিৎসাসেবা পেতে নানা সমস্যার মুখোমুখি হতে হতো। তার মা ইংরেজিতে স্বচ্ছন্দ ছিলেন না। ফলে জটিল স্বাস্থ্যব্যবস্থার নিয়মকানুন বুঝে সন্তানদের চিকিৎসার ব্যবস্থা করাও তার জন্য কঠিন হয়ে পড়ত। একপর্যায়ে আফশা ও তার ভাইয়ের চিকিৎসার জন্য বাবা-মা স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্যসেবা সহায়তা কর্মসূচি মেডিকেইডের আবেদন করেন।
সংবাদমাধ্যম জ্যাগওয়্যারকে আফশা বলেন, পরিবারের এ অভিজ্ঞতা তাকে উপলব্ধি করতে শিখিয়েছে, ভাষাগত সীমাবদ্ধতা, আর্থিক সংকট ও পারিবারিক পরিস্থিতি কীভাবে মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগকে প্রভাবিত করে।
২০১৮ সালে জর্জিয়ার লিলবার্নের বার্কমার হাইস্কুল থেকে শ্রেণির সর্বোচ্চ ফলাফল নিয়ে উত্তীর্ণ হন আফশা। পরে এমরি বিশ্ববিদ্যালয়ে মানবস্বাস্থ্য বিষয়ে পড়াশোনা করেন এবং পুষ্টিবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। এরপর ভর্তি হন মেডিক্যাল কলেজ অব জর্জিয়ায়।
চিকিৎসাশিক্ষার শুরুর দিকে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, শিশুরোগ, মনোরোগবিদ্যা এবং পারিবারিক চিকিৎসাসহ একাধিক বিভাগে আগ্রহ ছিল তার। তবে বিভিন্ন বিভাগে ব্যবহারিক প্রশিক্ষণ, সম্মেলন ও নেতৃত্ববিষয়ক কর্মসূচিতে অংশ নেওয়ার পর পারিবারিক চিকিৎসাকে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন।
এর আগে ২০২৫ সালে আমেরিকান একাডেমি অব ফ্যামিলি ফিজিশিয়ানসের পারিবারিক চিকিৎসা নেতৃত্ববিষয়ক বৃত্তিও পেয়েছিলেন আফশা।
মেডিক্যাল কলেজ অব জর্জিয়ার ডিন ডেভিড হেস বলেন, বাংলাদেশি অভিবাসী পরিবারের সন্তান হিসেবে আফশা নিজেই স্বাস্থ্যসেবা পাওয়ার নানা প্রতিবন্ধকতা দেখেছেন। শরণার্থী, স্বাস্থ্যবিমাহীন মানুষ ও গৃহহীন ব্যক্তিদের চিকিৎসাসেবায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার পাশাপাশি আথেন্স ফ্রি ক্লিনিক ও বিভিন্ন সামাজিক গবেষণায় তার সম্পৃক্ততা সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানোর প্রতি তার অঙ্গীকারের প্রতিফলন।
মেডিক্যাল কলেজ অব জর্জিয়ার ইতিহাসে আফশা হোসেন দ্বিতীয় শিক্ষার্থী হিসেবে পিসাকানো স্কলার নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২৫ সালে একই কলেজের শিক্ষার্থী আনা-সোফিয়া চুং এ স্বীকৃতি পেয়েছিলেন।




























