অস্ট্রেলিয়ায় নির্দিষ্ট ভিসার আবেদনে আজ থেকে অতিরিক্ত ১ হাজার ৫০০ ডলার ফি
- প্রকাশঃ ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬
- / 14
অস্ট্রেলিয়া, ২৮ নভেম্বর, (প্রজন্ম কথা) – অস্ট্রেলিয়ায় অবস্থান করে নির্দিষ্ট কয়েকটি ভিসার আবেদন করলে আজ শনিবার (২৮ নভেম্বর) থেকে মূল আবেদন ফির সঙ্গে অতিরিক্ত ১ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলার দিতে হবে। নতুন এই নিয়মের আওতায় পড়বেন শিক্ষার্থী, অস্থায়ী স্নাতক, পার্টনার, অভিভাবক ও নির্দিষ্ট পারিবারিক ভিসার আবেদনকারীরা। ফলে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের অনেকের জন্য ভিসার আবেদন আরও ব্যয়বহুল হচ্ছে।
অস্ট্রেলিয়ার অভিবাসন ব্যবস্থায় নতুন এই ফি চালু করেছে দেশটির সরকার। ‘মাইগ্রেশন অ্যামেন্ডমেন্ট (অনশোর অ্যাপ্লিকেশন চার্জ অ্যান্ড আদার মেজারস) রেগুলেশনস ২০২৬’ অনুযায়ী, ২৮ নভেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন ‘অনশোর অ্যাপ্লিকেশন চার্জ’। এর ফলে নির্দিষ্ট ভিসার জন্য অস্ট্রেলিয়ার ভেতর থেকে আবেদন করলে মূল ভিসা ফির পাশাপাশি অতিরিক্ত ১ হাজার ৫০০ ডলার দিতে হবে।
নতুন নিয়মের আওতায় রয়েছে অস্থায়ী স্নাতক ভিসা (সাবক্লাস ৪৮৫), শিক্ষার্থী ভিসা (সাবক্লাস ৫০০), শিক্ষার্থী অভিভাবক ভিসা (সাবক্লাস ৫৯০) এবং অস্ট্রেলিয়ার ভেতর থেকে আবেদন করা পার্টনার ভিসা (৮২০/৮০১)। এ ছাড়া নির্দিষ্ট শিশু, অভিভাবক ও অন্যান্য পারিবারিক ভিসার আবেদনেও এই ফি প্রযোজ্য হবে।
পারিবারিক ভিসার মধ্যে রয়েছে চাইল্ড ভিসা (৮০২), অরফান রিলেটিভ (৮৩৭), রিমেইনিং রিলেটিভ (৮৩৫), কেয়ারার (৮৩৬), এজড ডিপেনডেন্ট রিলেটিভ (৮৩৮), এজড প্যারেন্ট (৮০৪), কন্ট্রিবিউটরি এজড প্যারেন্ট (৮৬৪ ও ৮৮৪) এবং ডিপেনডেন্ট চাইল্ড (৪৪৫)।
নতুন বিধিমালা অনুযায়ী, নির্দিষ্ট ভিসার আবেদন জমা দেওয়ার সময় আবেদনকারী অস্ট্রেলিয়ায় অবস্থান করলে তাঁর ক্ষেত্রে এই অতিরিক্ত ফি প্রযোজ্য হবে। পরিবারের সদস্যদের নিয়ে সম্মিলিত আবেদন করা হলেও নির্দিষ্ট শর্তে প্রত্যেক যোগ্য আবেদনকারীর জন্য অতিরিক্ত ফি দিতে হতে পারে।
তবে অস্ট্রেলিয়ার বাইরে থেকে এসব ভিসার আবেদন করলে সাধারণভাবে এই অতিরিক্ত ফি দিতে হবে না।
সরকারি বিধিমালায় নির্দিষ্ট কিছু আবেদনকারীর জন্য ফি মওকুফের সুযোগ রাখা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নির্দিষ্ট কয়েকটি দেশের বৈধ পাসপোর্টধারীরা সংশ্লিষ্ট ভিসার ক্ষেত্রে এই অতিরিক্ত ফি থেকে অব্যাহতি পাবেন।
এ ছাড়া শিক্ষার্থী ভিসার (সাবক্লাস ৫০০) ক্ষেত্রে আসিয়ান সদস্যদেশের পাসপোর্টধারী, ইংরেজি ভাষা শিক্ষার কোর্সে ভর্তি শিক্ষার্থী এবং নন-অ্যাওয়ার্ড কোর্সের শিক্ষার্থীদের জন্যও ছাড় রয়েছে।
বাংলাদেশ আসিয়ান বা নির্ধারিত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অন্তর্ভুক্ত নয়। তাই কেবল বাংলাদেশি পাসপোর্টধারী হওয়ার কারণে আবেদনকারীরা এই ছাড় পাবেন না। তবে ভিসার ধরন ও কোর্সের ওপর ভিত্তি করে অন্য কোনো ছাড় প্রযোজ্য হতে পারে।
নতুন বিধিমালা ২৮ নভেম্বর ২০২৬ বা এর পর জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রে কার্যকর হবে। অর্থাৎ, ২৮ নভেম্বরের আগে যাঁরা আবেদন জমা দিয়েছেন, তাঁদের ক্ষেত্রে নতুন এই অতিরিক্ত ফি প্রযোজ্য হবে না।
অস্ট্রেলিয়া সরকারের ব্যাখ্যা অনুযায়ী, অভিবাসন ব্যবস্থার সংস্কার এবং দীর্ঘমেয়াদি অভিবাসন ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার অংশ হিসেবে এই ফি চালু করা হয়েছে। পাশাপাশি উপযুক্ত ক্ষেত্রে অস্ট্রেলিয়ার বাইরে থেকে ভিসার আবেদন জমা দেওয়ার বিষয়টিও উৎসাহিত করতে চায় সরকার।
নতুন নিয়মের ফলে অস্ট্রেলিয়ায় বসবাসরত আন্তর্জাতিক শিক্ষার্থী, অস্থায়ী ভিসাধারী ও তাঁদের পরিবারের সদস্যদের ভিসা নবায়ন কিংবা নতুন ভিসার আবেদন করার আগে সম্ভাব্য খরচ সম্পর্কে সতর্ক থাকতে হবে।
আবেদনের আগে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে নিজের ভিসার ধরন, প্রযোজ্য ফি এবং ছাড়ের শর্ত যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।



























