যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে স্থায়ী নিষেধাজ্ঞা ও মামলার ঝুঁকি, সতর্ক করল দূতাবাস
- প্রকাশঃ ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৭
- / 12
ঢাকা, ১৭ অক্টোবর, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত মেয়াদ অতিক্রম করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলার মুখে পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (১৭ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়।
পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলাও হতে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।
দূতাবাস আরও জানিয়েছে, ভিসা আবেদনকারীর অভিবাসন-সংক্রান্ত তথ্য কনস্যুলার কর্মকর্তারা যাচাই করতে পারেন। অতীতে অভিবাসন আইন বা বিধি লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে সেটিও তাঁদের পর্যালোচনায় আসতে পারে।
পোস্টে বলা হয়েছে, অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থানের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলের অজুহাত গ্রহণযোগ্য হবে না। তাই ভ্রমণকারীদের নিজেদের অবস্থানের অনুমোদিত মেয়াদ সম্পর্কে সচেতন থাকার এবং অভিবাসনসংক্রান্ত নিয়ম মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ১০ অক্টোবর দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে বিভিন্ন অপরাধের কারণে ভিসা বাতিল এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
ওই পোস্টে বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি বা অনুপ্রবেশের মতো অপরাধের কারণে ভিসা বাতিল হতে পারে। এসব অপরাধের ক্ষেত্রে পরিস্থিতি ও প্রযোজ্য আইনের ভিত্তিতে কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য স্থায়ীভাবে অযোগ্যও বিবেচিত হতে পারেন।
দূতাবাসের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রাখা এবং দেশটির আইন মেনে চলা বিদেশি পর্যটক ও অন্যান্য ভ্রমণকারীদের জন্য গুরুত্বপূর্ণ।
ভিসার মেয়াদ ও অবস্থানের অনুমোদিত সময় এক বিষয় নয়। কোনো ব্যক্তির ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখের চেয়ে যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমা ভিন্ন হতে পারে। তাই ভ্রমণকারীদের নিজেদের প্রবেশসংক্রান্ত নথিতে উল্লেখিত অনুমোদিত অবস্থানকাল যাচাই করা জরুরি।



























