ভিসার মেয়াদ, আশ্রয় আবেদন ও বিয়ে: যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পাওয়ার উপায় জানালেন অভিবাসন আইনজীবী নরেশ গেহি
- প্রকাশঃ ২৩ নভেম্বর ২০২৬, ১৯:০৩
- / 1
নিউইয়র্ক (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কড়াকড়ির কারণে বৈধ কাগজপত্রহীন এবং ভিসার শর্ত ভেঙে অবস্থান করা প্রবাসীদের জন্য গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া কঠিন হয়ে উঠেছে। তবে প্রচলিত আইনের আওতায় নির্দিষ্ট যোগ্যতা পূরণ এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করলে এখনো বৈধ অভিবাসন মর্যাদা অর্জনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অভিবাসনবিষয়ক আইনজীবী নরেশ গেহি।
সম্প্রতি বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের বর্তমান অভিবাসন আইন, গ্রিন কার্ড পাওয়ার বিভিন্ন পথ এবং আইনি জটিলতা এড়ানোর বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি।
নরেশ গেহির ভাষ্য, বর্তমান প্রশাসন বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করে কিংবা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করা ব্যক্তিদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। কোনো অভিবাসী বৈধ অবস্থানের শর্ত ভঙ্গ করলে বা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে তাঁর বিরুদ্ধে ইমিগ্রেশন আদালতে হাজিরার নোটিশ বা ‘নোটিশ টু অ্যাপিয়ার’ (এনটিএ) জারি হতে পারে। এ কারণে বৈধ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর অবস্থানের শর্ত মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।
দর্শনার্থী ভিসা থেকে ই-টু ভিসার সুযোগ
যাঁরা দর্শনার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে গেছেন এবং সেখানে অবস্থান দীর্ঘায়িত করতে চান, তাঁদের ক্ষেত্রে ভিসার মেয়াদ বাড়ানোর পাশাপাশি ব্যবসাভিত্তিক ই-টু ভিসার সুযোগ বিবেচনা করা যেতে পারে বলে জানান নরেশ গেহি।
তাঁর মতে, অনেক বাংলাদেশি এ বিষয়ে অবগত নন। দর্শনার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ৭০ হাজার থেকে ১ লাখ মার্কিন ডলার বা তার বেশি বিনিয়োগ করে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান কেনার মাধ্যমে ই-টু শ্রেণিতে অবস্থানের মর্যাদা পরিবর্তনের সুযোগ থাকতে পারে।
রাজনৈতিক ও মানবিক আশ্রয়ের আবেদন
রাজনৈতিক ও মানবিক আশ্রয়ের আবেদন বা অ্যাসাইলাম প্রসঙ্গে নরেশ গেহি বলেন, ঢালাওভাবে কিংবা অসংলগ্ন তথ্য দিয়ে আশ্রয়ের আবেদন করা উচিত নয়। তবে আইনগত ভিত্তি ও শক্তিশালী প্রমাণ থাকলে এখনো আশ্রয়ের আবেদন করার অধিকার রয়েছে।
তিনি জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের অতি সক্রিয় কর্মী বা সদস্যদের কেউ নিজ দেশে ফিরলে রাজনৈতিক মতাদর্শের কারণে জীবননাশের স্পষ্ট ঝুঁকিতে থাকলে উপযুক্ত প্রমাণের ভিত্তিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারেন।
একইভাবে, বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান বা শিয়া সম্প্রদায়ের মতো সংখ্যালঘু জনগোষ্ঠীর কোনো ব্যক্তি ধর্মীয় কারণে নির্যাতন বা বৈষম্যের শিকার হলে প্রমাণসহ আবেদন করার সুযোগ থাকতে পারে। পারিবারিক নির্যাতন বা জোরপূর্বক ধর্মীয় বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার শিকার নারী এবং সামাজিকভাবে সুরক্ষাহীন সমকামী ব্যক্তিরাও মার্কিন আইনের আওতায় আশ্রয়ের আবেদন করতে পারেন বলে জানান তিনি।
নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য ভাওয়া আইন
যুক্তরাষ্ট্রের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আইন বা ‘ভায়োলেন্স এগেইনস্ট উইমেন অ্যাক্ট’ (ভাওয়া) প্রসঙ্গে নরেশ গেহি বলেন, মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী স্বামী কিংবা স্ত্রীর হাতে শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হলে ভুক্তভোগী ব্যক্তি নিজ উদ্যোগে স্বতন্ত্রভাবে গ্রিন কার্ডের আবেদন করতে পারেন।
তাঁর ভাষ্য, আইনটি নারী ও পুরুষ উভয় ভুক্তভোগীর জন্য সমানভাবে প্রযোজ্য।
বিয়ের মাধ্যমে স্থায়ী বসবাসের সুযোগ
মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারীকে বিয়ের মাধ্যমেও স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সুযোগ রয়েছে। নরেশ গেহি জানান, মার্কিন আইন অনুযায়ী সমলিঙ্গের বিয়েও বৈধ। সাধারণ নিয়মে মার্কিন নাগরিককে বিয়ের ভিত্তিতে গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়াকরণে গড়ে প্রায় এক বছর সময় লাগতে পারে।
তবে যাঁরা ইতিমধ্যে ইমিগ্রেশন আদালতের প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন, তাঁদের অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে আদালতে নিজেদের আইনি অবস্থান তুলে ধরার পরামর্শ দেন তিনি।
ভুয়া নথি ও দালালের প্রতারণা থেকে সতর্কতা
বাংলাদেশি সম্প্রদায়ের কিছু অসাধু দালাল ও এজেন্টের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করেছেন নরেশ গেহি। বিশেষ করে কনস্যুলার প্রক্রিয়ায় সন্তানদের জন্মতারিখ পরিবর্তন কিংবা ভুয়া নথিপত্র তৈরি করাকে গুরুতর জালিয়াতি হিসেবে উল্লেখ করেন তিনি।
তাঁর সতর্কবার্তা, ইমিগ্রেশন কর্তৃপক্ষ বা মার্কিন কনস্যুলেটে অসত্য তথ্য ধরা পড়লে জালিয়াতির দায় মওকুফের আবেদন বা ‘ফ্রড ওয়েভার’-সংক্রান্ত জটিলতায় পড়তে হতে পারে। এ ধরনের পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে।
তাই যেকোনো অভিবাসন আবেদন বা নথি জমা দেওয়ার আগে অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি।




























