বন্ধুকে হত্যার পর রক্তমাখা কুড়াল হাতে থানায় যুবকের আত্মসমর্পণ
- প্রকাশঃ ১০:৩৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / 113
অভিযুক্ত অনিক মন্ডল (কালো রঙের টিশার্ট) ও নিহত ফাহিম। সংগৃহীত ছবি
অভিযুক্ত অনিক মন্ডল (কালো রঙের টিশার্ট) ও নিহত ফাহিম: সংগৃহীত ছবিময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে এক বন্ধুকে কুপিয়ে হত্যার পর রক্তমাখা কুড়াল হাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অনিক মণ্ডল নামের এক যুবক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত মুনতাসীর ফাহিম (২৩) ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রেজাউল ইসলাম বাদলের ছেলে। আর অভিযুক্ত অনিক মণ্ডল একই এলাকার জহিরুল মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, নিহত ফাহিম মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় গত চার মাস ধরে তিনি দেশে ছিলেন। আগামী ২৫ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকায় শিগগিরই তার মালয়েশিয়া ফেরার কথা ছিল। এদিকে অনিক ও ফাহিম দীর্ঘদিনের বন্ধু হলেও কোন কারণে তাদের মধ্যে এ হত্যাকাণ্ড ঘটেছে—তা নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরপরই অনিক রক্তমাখা কুড়াল নিয়ে নিজেই ত্রিশাল থানা গিয়ে আত্মসমর্পণ করেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তিগত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফাহিমের বন্ধুবান্ধব ও স্থানীয়দের মাঝে তৈরি হয়েছে চরম হতবাক পরিস্থিতি।
























