ব্রাকসু কার্যক্রম সচল করার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান
- প্রকাশঃ ০২:৩১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 59
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের কার্যক্রম সচল করার দাবিতে শনিবার সন্ধ্যায় উপাচার্য ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করেছেন।
প্রতিটি বিভাগের প্রতিনিধি দীর্ঘ আলোচনার পর ব্রাকসুর বিষয়ে তাদের দাবি উপস্থাপন করেন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, আগামীকালের মধ্যে ব্রাকসুর কার্যক্রম চালু না হলে পরশু থেকে শিক্ষার্থীরা রাজপথে নামবে। আমরা ব্রাকসু আদায়ে দৃঢ়প্রতিজ্ঞ এবং বাধা সৃষ্টি করলে আন্দোলন অব্যাহত থাকবে।
অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আলবীর বলেন, প্রশাসন যদি শিক্ষক সহযোগিতার অজুহাত দেখিয়ে কার্যক্রম স্থগিত রাখে, তাহলে এটি প্রশাসনের ব্যর্থতা। ব্রাকসু নির্বাচন না হলে প্রশাসনের পদে থাকার অধিকার নেই। দাবি আদায় না হলে আমরা পরশু থেকে কঠোর কর্মসূচিতে যাব।
এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, আমি সবসময় ব্রাকসু নির্বাচনের পক্ষে। আগামীকাল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব এবং প্রয়োজনে নিজে উদ্যোগ নেব।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের কারণে গত ১৩ জানুয়ারি ব্রাকসু নির্বাচন কমিশন সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখে। শিক্ষার্থীরা পুনরায় কার্যক্রম সচল করার জন্য প্রশাসনের প্রতি চাপ বাড়াচ্ছেন।






















