জার্মান জাতীয় দলের প্রধান কোচ হচ্ছেন ইয়ুর্গেন ক্লপ, নীতিগতভাবে সম্মত দুই পক্ষ
- প্রকাশঃ ১১ জুলাই ২০২৬, ২২:৩১
- / 6
আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন ইয়ুর্গেন ক্লপ। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন ৫৯ বছর বয়সী এই কোচ। চুক্তির আওতায় ২০২৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০৩০ সালের বিশ্বকাপেও জার্মানির ডাগআউটে থাকার কথা রয়েছে তার। আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে হুলিয়ান নাগেলসম্যানের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেবেন লিভারপুলের সাবেক এই কোচ।
২০২৫ সালের জানুয়ারি থেকে রেড বুলের গ্লোবাল হেড অব সকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ক্লপ। বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে জার্মানির বিদায়ের পর পদত্যাগ করেন হুলিয়ান নাগেলসম্যান। এরপরই ডিএফবি ক্লপকে নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করে।
চুক্তির আনুষ্ঠানিকতার জন্য এখন শেষ ধাপের প্রক্রিয়া বাকি রয়েছে। আগামী সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে রেড বুলের ম্যানেজিং ডিরেক্টর অলিভার মিন্টজলাফের সঙ্গে বৈঠকের পর সমঝোতা চূড়ান্ত হতে পারে। ওই বৈঠকে রেড বুল থেকে ক্লপের বিদায়ের বিষয়টিও নিষ্পত্তি হওয়ার কথা রয়েছে।
ডিএফবি-এর একজন মুখপাত্র জানিয়েছেন, “জার্মান জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগের বিষয়ে গতকাল নিউইয়র্কে ইয়ুর্গেন ক্লপের সঙ্গে প্রথম দফায় বিস্তারিত আলোচনা করেছেন ডিএফবি প্রেসিডেন্ট বার্ন্ড নয়েনডর্ফ এবং ভাইস প্রেসিডেন্ট হান্স-জোয়াকিম ওয়াটজকে। এই আলোচনায় সম্ভাব্য চুক্তির মূল বিষয়গুলোর ওপর দুই পক্ষই একমত হয়েছে।”
তিনি আরও বলেন, “আগামী সপ্তাহেও আলোচনা চলবে। দুই পক্ষই আশাবাদী যে, ক্লপের বর্তমান নিয়োগকর্তা রেড বুলের সঙ্গে সমঝোতা সাপেক্ষে এই আলোচনা সফলভাবে সম্পন্ন হবে। তবে যেকোনো সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করার আগে ডিএফবি জিএমবিএইচ অ্যান্ড কোং কেজি-এর পরিচালনা পর্ষদ এবং অংশীদারদের যৌথ সভায় তা অনুমোদিত হতে হবে।”
লিভারপুলে ক্লপের দীর্ঘদিনের সহকারী পেপ লেইন্ডার্স নতুন কোচিং স্টাফে যোগ দিতে সম্মত হয়েছেন। নতুন এই কোচিং দলের অধীনে জার্মানি প্রথম ম্যাচ খেলবে আগামী ২৪ সেপ্টেম্বর আমস্টারডামে, নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশনস লিগে।
নাগেলসম্যানের পদত্যাগের খবর প্রকাশের পর ডিএফবি এক বিবৃতিতে জানায়, তারা এই পদের জন্য ক্লপের সঙ্গে আলোচনা করতে চায় এবং ক্লপও দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এরপর সাবেক এই লিভারপুল ম্যানেজার নিশ্চিত করেন যে, দায়িত্ব গ্রহণের বিষয়ে আলোচনা চলছে।
ক্লপ বলেন, “আমাকে অলিভার মিন্টজলাফের সঙ্গে কথা বলতে হবে। তিনি আমার নিয়োগকর্তা। আমরা ইতোমধ্যে টেক্সট বার্তায় যোগাযোগ করেছি। আমি ধরে নিচ্ছি তিনি এতে বাধা হয়ে দাঁড়াবেন না। আমি সেখানে ১৯ মাস ছিলাম, সময়টা বেশ ভালো ছিল। শেষ পর্যন্ত যেন সবারই জয় হয়। রেড বুলের অধ্যায়টি যেন সুন্দরভাবে শেষ হতে পারে।”
২০২৩-২৪ মৌসুম শেষে লিভারপুল ছাড়ার পর থেকে ক্লপ কোনো দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেননি। ২০২৪ সালের অক্টোবরে তিনি রেড বুলের গ্লোবাল হেড অব সকার হিসেবে নিযুক্ত হন এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে দায়িত্ব পালন শুরু করেন। অ্যানফিল্ড ছাড়ার পর থেকেই বিভিন্ন ক্লাবের কোচ হওয়ার গুঞ্জনে তার নাম উঠে আসে। গত মার্চে রিয়াল মাদ্রিদের সঙ্গে তার নাম জড়ালেও তিনি সেই গুঞ্জন নাকচ করে দিয়ে বলেছিলেন, “কোচ হিসেবে আমার কাজ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি।”
জার্মান জাতীয় দলের দায়িত্ব গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ক্লপের প্রথম জাতীয় দলের কোচিং অধ্যায় শুরু হতে যাচ্ছে। এর আগে তিনি জার্মানির মাইনৎস, বরুসিয়া ডর্টমুন্ড এবং ইংল্যান্ডের লিভারপুলের দায়িত্ব পালন করেছেন।
ক্লপের অধীনেই ২০১৯-২০ মৌসুমে লিভারপুল ইতিহাসের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জেতে। এর আগের মৌসুমে তিনি ক্লাবটিকে ১৪ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা এনে দেন। এছাড়া তার অধীনে ২০২২ সালে এফএ কাপ এবং দুইবার লিগ কাপ জিতে লিভারপুল।



























