বিশ্বকাপ ফাইনালে আসছে নতুন চমক, মধ্যবিরতিতে বিশেষ আয়োজন
- প্রকাশঃ ০৭:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / 4
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো । ছবি: রয়টার্স
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল ম্যাচের মধ্যবিরতিতে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এ তথ্য জানিয়েছেন।
এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালে এই আয়োজন করা হবে।
তিনি জানান, মধ্যবিরতির সময়টিকে কেন্দ্র করে বড় পরিসরের সাংস্কৃতিক পরিবেশনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ আয়োজনের পরিকল্পনায় যুক্ত রয়েছে যুক্তরাজ্যের জনপ্রিয় সংগীতদল কোল্ডপ্লে এবং দলটির প্রধান কণ্ঠশিল্পী ক্রিস মার্টিন। তবে কারা এতে অংশ নেবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। একাধিক খ্যাতিমান শিল্পীর অংশগ্রহণে এটি ব্যতিক্রমধর্মী আয়োজন হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
ফুটবলে স্বল্প সময়ের মধ্যবিরতিতে এ ধরনের আয়োজন সাধারণত দেখা যায় না। অনেক দর্শক খেলার ধারাবাহিকতাকেই বেশি গুরুত্ব দেন এবং অতিরিক্ত বিনোদন পছন্দ করেন না।
এর আগে ২০১৭ সালে জার্মানির একটি প্রতিযোগিতার ফাইনালে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাচে সংগীত পরিবেশনার আয়োজন করা হয়েছিল। তবে সে সময় দর্শকদের একাংশ নেতিবাচক প্রতিক্রিয়া জানান।
২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। নতুন এই উদ্যোগ বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছে আয়োজকরা। এ ছাড়া বিশ্বজুড়ে পরিচিত কয়েকজন ক্রীড়াতারকার উপস্থিতির সম্ভাবনার কথাও জানিয়েছেন আয়োজকরা।


















