সান মারিনোর বিপক্ষে জয়ের বার্তা ডুলির, ‘প্রমাণ করতে হবে তারা কেন সবার নিচে’
- প্রকাশঃ ০৫:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / 2
ইউরোপের মাটিতে প্রথমবারের মতো কোনো ইউরোপীয় দলের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৫ জুন ফিফা র্যাংকিংয়ের সর্বশেষ স্থানে থাকা সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে আত্মবিশ্বাসী নতুন প্রধান কোচ টমাস ডুলি। তার মতে, এই ম্যাচে বাংলাদেশের দায়িত্ব হবে দুই দলের পার্থক্য মাঠে প্রমাণ করা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডুলি বলেন, সান মারিনো ফিফা র্যাংকিংয়ের ২১১ নম্বরে রয়েছে, তাই বাংলাদেশের ফুটবলারদের মাঠে দেখাতে হবে কেন তারা র্যাংকিংয়ের তলানিতে এবং বাংলাদেশ সেখানে নেই।
নতুন কোচের অধীনে দল এখন নতুন কৌশল ও দর্শনে নিজেদের প্রস্তুত করছে। ডুলি পজেশনভিত্তিক ফুটবলের ওপর জোর দিচ্ছেন এবং ৪-২-৩-১ ছকে দলকে খেলানোর পরিকল্পনা করছেন। তার লক্ষ্য, খেলোয়াড়রা যেন বলের নিয়ন্ত্রণ ধরে রেখে দ্রুত ও নিখুঁত পাসিং ফুটবল খেলতে পারে।
তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ বাংলাদেশ কোচ। সান মারিনোর খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, বিশেষ করে উচ্চতা এবং সেট পিস থেকে গোল করার সামর্থ্যের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ডুলি বলেন, তার দলকে পাসিং ও রিসিভিংয়ে আরও নিখুঁত হতে হবে। তিনি এমন ফুটবল চান যেখানে বলের পেছনে দৌড়ানোর চেয়ে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে খেলা পরিচালনা করা হবে।
নতুন কোচের পরিকল্পনা ও কাজের ধরন নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি জানান, ডুলি নিয়মিত খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করছেন এবং ব্যক্তিগত পর্যায়েও কথা বলছেন। ফলে কোচের চাওয়া ও পরিকল্পনা ফুটবলারদের কাছে স্পষ্ট হচ্ছে।
জামালের মতে, ভিডিও বিশ্লেষণের মাধ্যমে দলের দুর্বলতা চিহ্নিত করে তা সংশোধনের চেষ্টা করছেন ডুলি। বিশেষ করে রক্ষণভাগের ভুল এবং অপ্রয়োজনীয় গোল হজমের কারণগুলো বিশ্লেষণ করে খেলোয়াড়দের বোঝানো হচ্ছে।
বাংলাদেশ অধিনায়ক বলেন, কোচ পাসিং ফুটবল পছন্দ করেন এবং দলের প্রেসিং উন্নত করার দিকেও গুরুত্ব দিচ্ছেন। একজন সাবেক ডিফেন্ডার হিসেবে রক্ষণভাগ নিয়ে তার অভিজ্ঞতা দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।
ইউরোপে প্রথম ম্যাচ খেলতে যাওয়াকে বিশেষ উপলক্ষ হিসেবে দেখছেন জামাল। তিনি বলেন, এটি দলের জন্য নতুন অধ্যায়। পাশাপাশি নতুন কোচের প্রথম ম্যাচ হওয়ায় জয়ের মাধ্যমে তাকে শুভসূচনা উপহার দিতে চান ফুটবলাররা।
আগামীকাল রাতের ফ্লাইটে ইতালির রোম হয়ে সান মারিনোর উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। দলে পরে যোগ দেবেন হামজা চৌধুরী, শমিত শোম ও জায়ান আহমেদ।





























