নিউইয়র্কে স্ন্যাপ সুবিধাভোগীদের তাজা ফলমূল-সবজি কেনার সহায়তা ৪০ শতাংশ বাড়াচ্ছে মামদানি প্রশাসন
- প্রকাশঃ ০১ নভেম্বর ২০২৬, ১১:২৭
- / 9
নিউইয়র্ক, ১ নভেম্বর (প্রজন্ম কথা): যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে খাদ্যসহায়তা কর্মসূচির আওতাভুক্ত পরিবারগুলোর জন্য তাজা ফলমূল ও সবজি কেনায় আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে। কৃষকের বাজার ও খামারকেন্দ্রিক বিক্রয়কেন্দ্র থেকে এসব পণ্য কিনলে স্ন্যাপ সুবিধাভোগীরা আগে প্রতিদিন সর্বোচ্চ ১০ ডলারের যে অতিরিক্ত সহায়তা পেতেন, ২০২৭ সালের জানুয়ারি থেকে তা বেড়ে ১৪ ডলার হবে। এতে দৈনিক সহায়তার পরিমাণ বাড়বে ৪০ শতাংশ।
মেয়র জোহরান মামদানি এ ঘোষণা দিয়েছেন। ‘হেলথ বাকস’ নামের কর্মসূচির আওতায় স্ন্যাপ সুবিধাভোগীরা অনুমোদিত কৃষকের বাজার ও খামারকেন্দ্রিক বিক্রয়কেন্দ্রে প্রতি ২ ডলার খরচের বিপরীতে সমপরিমাণ অতিরিক্ত সুবিধা পাবেন। এই সুবিধার কুপন দিয়ে নিউইয়র্ক সিটির ১০০টির বেশি কৃষকের বাজার ও বিক্রয়কেন্দ্র থেকে তাজা ফলমূল ও সবজি কেনা যাবে।
নগর প্রশাসনের ধারণা, দৈনিক সহায়তার সর্বোচ্চ সীমা ১০ ডলার থেকে বাড়িয়ে ১৪ ডলার করায় ২০২৭ সালেই স্ন্যাপ সুবিধাভোগীদের মধ্যে প্রায় ২৩ লাখ ডলারের হেলথ বাকস বিতরণ করা সম্ভব হবে। এতে স্থানীয় কৃষকের বাজার ও বিক্রেতাদের পাশাপাশি উপকৃত হবেন নিম্ন আয়ের পরিবারগুলো।
মেয়র মামদানি বলেন, খাদ্যপণ্যের দাম বাড়তে থাকায় অনেক পরিবার প্রয়োজনীয় ফলমূল ও সবজি কেনার ক্ষেত্রে সমস্যায় পড়ছে। খাদ্যনিরাপত্তাহীনতা বাড়ার সময় অনেক পরিবারকে পুষ্টিকর খাবার কেনা কমিয়ে দিতে হচ্ছে। তাঁর ভাষ্য, হেলথ বাকস কর্মসূচি তাজা খাবারকে এসব পরিবারের নাগালের মধ্যে আনবে এবং স্থানীয় বাজার ও খামারকেন্দ্রিক বিক্রেতাদেরও সহায়তা করবে।
নিউইয়র্কের স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক উপমেয়র হেলেন আর্তেয়াগা বলেন, তাজা ফলমূল ও সবজি কেনা কোনো পরিবারের জন্য বিলাসিতা হওয়া উচিত নয়। খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা অনেক মানুষ পর্যাপ্ত ফলমূল ও সবজি খেতে পারেন না। পণ্যের দাম বাড়ায় তাঁদের জন্য এসব খাবার সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। হেলথ বাকসের পরিধি বাড়িয়ে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার আরও সহজলভ্য করার লক্ষ্য নিয়েছে নগর প্রশাসন।
নগরের স্বাস্থ্য কমিশনার অ্যালিস্টার এফ. মার্টিন বলেন, হৃদ্রোগসহ দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগের সঙ্গে খাদ্যাভ্যাসের সম্পর্ক রয়েছে। তবে ফলমূল ও সবজি খাওয়ার প্রয়োজনীয়তা জানা এবং সেগুলো কেনার সামর্থ্য থাকা এক বিষয় নয়। তাঁর মতে, দৈনিক সহায়তার সীমা বাড়ানোর ফলে স্ন্যাপ সুবিধাভোগীদের কেনাকাটার সক্ষমতা বাড়বে এবং স্থানীয় কৃষকেরাও উপকৃত হবেন।
খাদ্যনিরাপত্তাহীনতা ও পুষ্টির চ্যালেঞ্জ
নিউইয়র্ক নগরের স্বাস্থ্য বিভাগের নতুন এক গবেষণায় দেখা গেছে, খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্কদের প্রায় ৮০ শতাংশের পক্ষে সুষম খাবার কেনা কঠিন। তাঁদের মধ্যে ১৮ শতাংশ আগের দিন কোনো ফলমূল বা সবজি খাননি। প্রায় এক-তৃতীয়াংশ মানুষ খাদ্যব্যাংকের মতো জরুরি খাদ্যসহায়তা কেন্দ্র থেকে খাবার নিয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, স্ন্যাপ সুবিধাভোগীদের ফলমূল ও সবজি কেনার সক্ষমতা বাড়াতে হেলথ বাকসের মতো প্রণোদনামূলক কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের কর্মসূচির সঙ্গে ফলমূল ও সবজি খাওয়ার পরিমাণ বৃদ্ধি এবং খাদ্যনিরাপত্তার উন্নতির সম্পর্ক পাওয়া গেছে।
অর্থায়ন ও কর্মসূচির বিস্তার
হেলথ বাকস কর্মসূচিতে নগর প্রশাসনের অর্থায়নের পাশাপাশি নতুন করে ৫৭ লাখ ডলারের অনুদান যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের গাস শুমাখার পুষ্টি প্রণোদনা কর্মসূচির আওতায় এ অর্থ দেওয়া হয়েছে। স্ন্যাপ সুবিধাভোগীদের ফলমূল ও সবজি কেনার পরিমাণ বাড়াতে কাজ করা প্রকল্পগুলোকে এ অনুদান দেওয়া হয়।
কৃষকের বাজার ও খামারকেন্দ্রিক বিক্রয়কেন্দ্রে কেনাকাটার বিপরীতে অতিরিক্ত সুবিধা দেওয়ার পাশাপাশি নগরের স্বাস্থ্য বিভাগ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে পুষ্টিবিষয়ক শিক্ষা এবং স্বাস্থ্যসংশ্লিষ্ট কার্যক্রমে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদেরও হেলথ বাকস দেওয়া হয়।
নিউইয়র্কে স্বাস্থ্যকর ও মানসম্মত খাবার সহজলভ্য করতে মামদানি প্রশাসনের বৃহত্তর উদ্যোগের অংশ এই কর্মসূচি। এর আগে মেয়র পূর্ব হারলেমের লা মারকেতাকে নগরের সরকারি মুদি দোকান কর্মসূচির প্রথম সম্ভাব্য স্থান হিসেবে ঘোষণা করেন। তাঁর প্রথম মেয়াদ শেষ হওয়ার আগে নিউইয়র্কের পাঁচটি বরোর প্রতিটিতে একটি করে সরকারি মুদি দোকান চালুর পরিকল্পনা রয়েছে।
২০০৫ সাল থেকে নিউইয়র্ক নগরের স্বাস্থ্য বিভাগ হেলথ বাকস কর্মসূচির আওতায় ২ কোটি ডলারের বেশি কুপন বিতরণ করেছে। নতুন সিদ্ধান্তের ফলে ২০২৭ সাল থেকে স্ন্যাপ সুবিধাভোগীরা কৃষকের বাজারে তাজা ফলমূল ও সবজি কেনার ক্ষেত্রে আরও বেশি সহায়তা পাবেন।
সূত্র: নিউইয়র্ক সিটির মেয়রের কার্যালয় ও স্বাস্থ্য বিভাগ

















