আবুধাবি টি-টেন লিগে রয়েল চ্যাম্পসের অধিনায়ক সাকিব আল হাসান
- প্রকাশঃ ০৫:১৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- / 178
আসন্ন আবুধাবি টি-টেন লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যাম্পসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার (৮ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে রয়েল চ্যাম্পস। লিগে নিজেদের প্রথম ম্যাচে দলটি মাঠে নামবে ১৯ নভেম্বর, প্রতিপক্ষ হবে ভিস্তা রাইডার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।
অধিনায়কের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সাকিব বলেন,
রয়েল চ্যাম্পসের নেতৃত্ব দেওয়া আমার জন্য সত্যিই এক বড় সম্মান। এত প্রতিভাবান খেলোয়াড় ও দক্ষ কোচিং স্টাফের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। আমরা মাঠের ভেতরে-বাইরে দুজায়গাতেই সেরাটা দিতে চাই। দর্শকদের জন্য এক উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মৌসুম উপহার দিতে চাই। নতুন দল হিসেবে আমাদের উদ্যম ও শক্তিই হবে সবচেয়ে বড় প্রেরণা।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম জনপ্রিয় সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে এবারই প্রথম অংশ নিচ্ছে রয়েল চ্যাম্পস। ফ্র্যাঞ্চাইজিটির লক্ষ্য, অভিজ্ঞ খেলোয়াড়দের নেতৃত্বে নতুন প্রতিভাদের বিকশিত করে প্রতিযোগিতায় নিজেদের অবস্থান সুদৃঢ় করা।

























