বিশ্বকাপে বাংলাদেশ খেলুক বা না খেলুক, বিসিবির আর্থিক ক্ষতি নেই
- প্রকাশঃ ০৭:১৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 77
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন করা হলে তবেই বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ—এমন অবস্থানেই অনড় বিসিবি।
আইসিসি বিকল্প কোনো সমাধান দিলেও তা মানবে না বিসিবি-এমন ইঙ্গিত দিয়েছেন বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ বিশ্বকাপে খেলুক বা না খেলুক, এতে বিসিবির কোনো আর্থিক লাভ-ক্ষতির বিষয় নেই।
বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিসিবির আর্থিক ক্ষতির সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে বুধবার মিরপুরে সাংবাদিকদের নাজমুল ইসলাম বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে ক্রিকেটারদের। কারণ তারা খেললে ম্যাচ ফি পায়।
তিনি আরও বলেন, কোনো খেলোয়াড় ম্যাচে অংশ নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হলে বা বিশেষ কোনো পারফরম্যান্স করলে, আইসিসির নিয়ম অনুযায়ী যে প্রাপ্য সেটি সে পায়। এগুলো সম্পূর্ণ খেলোয়াড়দের পাওনা।
বাংলাদেশ খেলুক বা না খেলুক, বোর্ডের আর্থিক অবস্থার ওপর এর কোনো প্রভাব পড়বে না—এ বিষয়টি পুনর্ব্যক্ত করে নাজমুল ইসলাম বলেন, এটার সঙ্গে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নেই। অন্তত এই বিশ্বকাপের ক্ষেত্রে বিসিবির লাভ বা ক্ষতির কোনো প্রশ্নই নেই।
উল্লেখ্য, নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ দলের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এখন আইসিসি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেটপ্রেমীরা।


















