নির্বাচনে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করবে ইসি: সিইসি নাসির উদ্দিন
- প্রকাশঃ ০১:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
- / 21
সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, কমিশন সংস্কারকে গুরুত্ব দিয়ে কাজ করেছে এবং যেকোনো ধরনের অনিয়ম কঠোরভাবে তদারকি করা হবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি।
সিইসি বলেন, “নির্বাচন কমিশন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছে। নির্বাচনের প্রতিটি ধাপে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।”
নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আগামীকালের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। সাংবাদিক ও পর্যবেক্ষকদের পর্যবেক্ষণ ও প্রতিবেদনের মাধ্যমে ভোটগ্রহণের প্রকৃত চিত্র জনসম্মুখে তুলে ধরা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং যেকোনো ধরনের অনিয়ম ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে দেশি-বিদেশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পর্যবেক্ষকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

















