গৃহকর্মী জাতীয় ফোরামের অফিস উদ্বোধন ও বর্ধিত সভা অনুষ্ঠিত
- প্রকাশঃ ০৪:১৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / 21
১১ জানুয়ারি ২০২৬ গৃহকর্মী জাতীয় ফোরাম–বাংলাদেশের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সংগঠনের নতুন অফিস উদ্বোধনের পাশাপাশি একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গৃহকর্মী জাতীয় ফোরামের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন—অক্সফ্যাম ইন বাংলাদেশ-এর প্রকল্প সমন্বয়ক তারিক আজিজ এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার ইউসুফ; কর্মজীবী নারী থেকে প্রকল্প ব্যবস্থাপক আফরিন তিথি ও অ্যাডভোকেসি অফিসার অনুপমা বৈদ্য; ডিএসকে থেকে প্রকল্প কর্মকর্তা উম্মে হামি ও শংকর চন্দ্র অধিকারী; সুনীতি প্রকল্পের প্রতিনিধিবৃন্দ এবং গৃহকর্মী জাতীয় ফোরামের সদস্যগণ।
সভায় অংশগ্রহণকারীরা গৃহকর্মীদের অধিকার, সংগঠন শক্তিশালীকরণ এবং ভবিষ্যতে আরও কার্যকর কর্মপরিকল্পনা ও প্রোগ্রাম গ্রহণের বিষয়ে মতবিনিময় করেন। আলোচনায় গৃহকর্মীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ উপলক্ষে গৃহকর্মীদের মাঝে আইডি কার্ড ও ভিজিটিং কার্ড বিতরণ করা হয়। এসব কার্ড গৃহকর্মীদের পেশাগত পরিচয় নিশ্চিত করার পাশাপাশি সামাজিক স্বীকৃতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কার্ড হাতে পেয়ে গৃহকর্মীরা আনন্দ ও উৎসাহ প্রকাশ করেন, যা তাদের মধ্যে সংগঠনের প্রতি আস্থা ও দলগত শক্তি বৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে গৃহকর্মী জাতীয় ফোরাম তাদের লক্ষ্য ও অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জানায়—গৃহকর্মীরা যেন সুসংগঠিত হয়ে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয় এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে। এ ধরনের আয়োজন গৃহকর্মীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, নেতৃত্ব বিকাশ এবং সামগ্রিক অবস্থান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সহযোগী প্রতিষ্ঠানগুলো গৃহকর্মী জাতীয় ফোরামের প্রতি তাদের সহযোগিতা ও সমর্থন পুনঃনিশ্চিত করে। এতে গৃহকর্মীদের সংগঠন আরও শক্তিশালী হবে এবং নীতিমালা ও সামাজিক পর্যায়ে তাদের অবস্থান সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
গৃহকর্মী জাতীয় ফোরামের নতুন অফিস ভবিষ্যতে প্রশিক্ষণ, কর্মশালা, সভা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কেন্দ্র হিসেবে কাজ করবে। এটি গৃহকর্মীদের জন্য একটি নিরাপদ, সহায়ক ও প্রগতিশীল স্থান হিসেবে বিবেচিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানটি গৃহকর্মীদের সংগঠন, অধিকার আদায় ও নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। গৃহকর্মী জাতীয় ফোরাম সকল সহযোগী প্রতিষ্ঠান, সদস্য ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। তাদের অব্যাহত সমর্থন ও অংশগ্রহণ গৃহকর্মীদের স্বপ্ন ও অধিকার বাস্তবায়নে আরও অগ্রসর হতে সহায়ক হবে।



























