নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত: নির্বাচনের যে-ই বিজয়ী হোক, তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র
- প্রকাশঃ ১১:৩৩:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / 56
বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে দলই জিতুক, তার সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। এই প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন।
বুধবার দুপুরে রাজধানীর ইএমকে সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে অনেক ইতিবাচক সম্ভাবনা রয়েছে। আমরা অর্থনীতি, বাণিজ্য, ব্যবসা ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করতে পারি।
রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন আরও বলেন, বাংলাদেশে কে নির্বাচিত হবে, তা বাংলাদেশের জনগণের সার্বভৌম সিদ্ধান্ত। ভোটকেন্দ্রে গিয়ে নতুন সরকার নির্বাচনের মাধ্যমে মতপ্রকাশ করা বাংলাদেশের জনগণের অধিকার, এতে অন্য কোনো দেশের বলার অধিকার নেই।
তিনি জানান, আমাদের দীর্ঘ ইতিহাস আছে সবার সঙ্গে কথা বলার—ক্ষমতায় থাকুক বা না থাকুক। তবে আমরা অঙ্গীকারবদ্ধ, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে যে বিজয়ী হোক না কেন, তার সঙ্গে কাজ করব।
বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে আমরা এখানে ব্যাপক পরিবর্তন দেখেছি। আমার বিশ্বাস, সামনের দিনগুলোতে আরও ইতিবাচক পরিবর্তন দেখতে পাব।















