শেকৃবির সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নসহ চার পুরস্কার মেরিটাইমের
- প্রকাশঃ ০২:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 73
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন সপ্তক-এর আয়োজনে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) শিক্ষার্থীরা।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় বিএমইউ কালচারাল ক্লাবের সদস্যরা একাধিক বিভাগে কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
প্রতিযোগিতার ফলাফলে দেখা যায়, নজরুল সঙ্গীত ও আবৃত্তি বিভাগে মেরিটাইমের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। পাশাপাশি শাস্ত্রীয় নৃত্য ও রবীন্দ্র সঙ্গীত বিভাগে তারা প্রথম রানারআপ নির্বাচিত হন।
‘সপ্তক ব্যাটল অব সিম্ফনি ১.০’ শীর্ষক এ আয়োজনে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এ বিষয়ে বিএমইউ কালচারাল ক্লাবের সভাপতি তৌফিকুল ইসলাম আশিক বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ক্লাব আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়মিত অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের এই সাফল্য বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করছে এবং পরিচিতি বাড়াচ্ছে। আশা করি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।
মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা মনে করছেন, এই অর্জন ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


















