কম্বল দেওয়ার প্রলোভনে বাড়িতে ডেকে বিধবাকে ধর্ষণের অভিযোগ
- প্রকাশঃ ০৩:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 24
নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে এক বিধবা নারীকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে মো. কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগীর মেয়েকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী নারী কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত কাউছার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভুক্তভোগী নারীও একই এলাকার বাসিন্দা।
থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, প্রায় দুই মাস আগে কাউছার একটি সংস্থার মাধ্যমে ওই নারীকে টয়লেট স্থাপনের জন্য ১০টি রিংয়ের ব্যবস্থা করে দেন। এরপর গত ২৭ ডিসেম্বর শীতের কম্বল দেওয়ার কথা বলে ফোন করে তাকে নিজের বাড়িতে আসতে বলেন। পরদিন (২৮ ডিসেম্বর) সকালে সেখানে গেলে তাকে ধর্ষণ করা হয়।
ভুক্তভোগী নারী জানান, ঘটনার পর কাউছার বিষয়টি প্রকাশ করলে তাকে এবং তার ২০ বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেন। প্রাণভয়ে তিনি দীর্ঘদিন বিষয়টি গোপন রাখেন।
অভিযোগের বিষয়ে কাউছার বলেন, আমি জামায়াতের একজন সক্রিয় সমর্থক এবং আসন্ন নির্বাচনে নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থী বেলায়েত হোসেনের পক্ষে কাজ করছি। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে।
চরকাঁকড়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরফুদ্দিন সৌরভ বলেন, দলীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযুক্ত দোষী প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালী-৫ আসনের জামায়াত প্রার্থী বেলায়েত হোসেন অভিযোগ প্রসঙ্গে বলেন, আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






























