বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান
- প্রকাশঃ ০১:২০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- / 104
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির সর্বোচ্চ পদটি শূন্য হলেও গঠনতন্ত্র অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্বে আসছেন তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই। শিগগিরই দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
বিএনপির গঠনতন্ত্রের ৭-এর গ ধারার (৩) উপধারায় বলা হয়েছে, যেকোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান অবশিষ্ট মেয়াদের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এবং নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ওই দায়িত্বে বহাল থাকবেন। সে অনুযায়ী খালেদা জিয়ার মৃত্যুর পর সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়। ১৯৮৪ সালের ১০ মে থেকে মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘ সময় ধরে তিনি দলটির সর্বোচ্চ দায়িত্বে ছিলেন।
দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকেই তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দল পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। গঠনতন্ত্রের ৭-এর গ ধারার উপধারা (২) অনুযায়ী চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন-এই বিধান অনুসারে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, দলীয় নেতৃত্বে শূন্যতা নিরসন ও সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসছে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের ঘোষণা দেওয়া হতে পারে।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু একটি জাতীয় দৈনিককে বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, পুরো দেশই এক ধরনের অভিভাবকহীনতায় পড়েছে। তারেক রহমানও ব্যক্তিগতভাবে শোকে মুহ্যমান। এ অবস্থায় পদ-পদবি নিয়ে তড়িঘড়ি করার প্রশ্ন নেই। তবে বাস্তবতা হলো—তারেক রহমান এখন দলের চেয়ারম্যান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। পরে ১৯৯১ ও ১৯৯৬ সালে দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন।
২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গ্রেপ্তার হন। ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাগারে গেলে যুক্তরাজ্য থেকেই তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করেন। দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে চলতি বছরের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন।
দলীয় সূত্রের মতে, নতুন রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমানের নেতৃত্ব গ্রহণ বিএনপির সাংগঠনিক কাঠামো ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।























