খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের গভীর শোক ও সমবেদনা
- প্রকাশঃ ০৪:৫২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / 28
বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় এই শোক প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ বুধবার বার্তাটি প্রকাশ করেছে।
শোকবার্তায় মহাসচিব গুতেরেস বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত। বাংলাদেশের জনগণ ও প্রয়াত নেত্রীর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থান অধিকার করেছেন। দীর্ঘদিনের জনসেবা ও নেতৃত্বের মাধ্যমে তিনি দেশের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছেন।
শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে বলেন, এই শোকের সময়ে তাঁর পরিবারের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহমর্মিতা রয়েছে।
উল্লেখ্য, খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরদিন ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।


























