জাতীয় নাগরিক পার্টি ২৭ আসনে প্রার্থী ঘোষণা
- প্রকাশঃ ০৫:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 27
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমঝোতায় প্রাপ্ত ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করেছে। বাকি তিনটি আসনে শিগগিরই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে দলটি জানিয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে ২৭টি আসনে প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার প্রকাশ করা হয়। এখানে প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হয়েছে ‘শাপলা কলি’ প্রতীকে।
চূড়ান্ত হওয়া প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: ঢাকা–১১ আসনে আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর–৪ আসনে সদস্যসচিব আখতার হোসেন, কুমিল্লা–৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড়–১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাকা–৮ আসনে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং নোয়াখালী–৬ আসনে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
অন্যান্য গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী হয়েছেন: ঢাকা–১৮ আসনে আরিফুল ইসলাম আদীব, লক্ষ্মীপুর–১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ–৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ, নারায়ণগঞ্জ–৪ আসনে আবদুল্লাহ আল আমিন, পার্বত্য বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন, চট্টগ্রাম–৮ আসনে জোবাইরুল হাসান আরিফ, ব্রাহ্মণবাড়িয়া–২ ও ৩ আসনে মাওলানা আশরাফ মাহদী ও মোহাম্মদ আতাউল্লাহ। এছাড়া দিনাজপুর–৫, নোয়াখালী–২, ঢাকা–১৯, ঢাকা–২০, কুড়িগ্রাম–২, ময়মনসিংহ–১১, টাঙ্গাইল–৩, ঢাকা–৯, গাজীপুর–২, মুন্সিগঞ্জ–২, পিরোজপুর–৩ এবং নাটোর–৩ আসনেও প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানান, ২৭টি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে, বাকি তিন আসন শিগগিরই চূড়ান্ত হবে।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ২৫৩টি আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেন জামায়াত, এনসিপি এবং ১০টি রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমঝোতায় থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেয়। এনসিপি এই নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে ৩০ আসনে লড়ছে, যদিও ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচনী আসন বাড়ানোর বিষয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে আলোচনার প্রক্রিয়া এখনও চলমান রয়েছে।






























