এনসিপি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ
- প্রকাশঃ ০৩:৩৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 41
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কি না তা পুনর্বিবেচনা করার সময় এসেছে। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ এনে আসিফ মাহমুদ বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য রাজনৈতিক দল ও জনগণের আস্থা অর্জনের কথা ছিল, তবে নির্বাচন কমিশন তা হারিয়েছে। এইভাবে নির্বাচন পরিচালিত হলে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, এই নির্বাচন কমিশনের প্রতি আমরা বিশ্বাস রাখতে পারছি না। এই নির্বাচনে আমরা অংশ নেব কি না তা এখনও বিবেচনা করা হচ্ছে।
আসিফ মাহমুদ অভিযোগ করে বলেন, দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি বা ঋণখেলাপির গ্যারান্টারদের অনেককেই ছাড় দেওয়া হয়েছে, যা আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি।
এছাড়া তিনি ছাত্রদলের নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে নাটক হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আজ পুরো জিনিসটা এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হয়েছে। নির্বাচন কমিশনে যাওয়ার সময় দেখলাম ছাত্রদলের ২-৩ হাজার নেতাকর্মী গুরুত্বপূর্ণ দিনে বাইরে থেকে এক ধরনের মব সৃষ্টি করেছে, যা রায় শোনার শেষ দিনে এক্সটারনাল প্রেশারের সৃষ্টি করেছে।
আসিফ মাহমুদ আরও বলেন, রায়ের পূর্ব মুহূর্তে অপরাধী বা তাদের পক্ষের সঙ্গে বসে বিচারক রায় দেন। এতে কোনো রকমের নিরপেক্ষ রায় হওয়ার সুযোগ থাকে না। আমরা দেখেছি কমিশনাররা ১৫ মিনিটের কথা বলে দেড় ঘণ্টা সময় বিএনপির একদল নেতার সঙ্গে আলোচনা করেছেন। এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত।


























