ইরান প্রস্তাব মেনে নিলে যুদ্ধ থামবে, না মানলে আরও ভয়াবহ হামলা হবে: ট্রাম্প
- প্রকাশঃ ১১:২০:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 3
ইরানকে প্রস্তাব মেনে নেওয়ার আহ্বানের পাশাপাশি কঠোর সামরিক হুঁশিয়ারিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প । ছবি: প্রজন্ম কথা
ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করলে চলমান সংঘাতের অবসান ঘটবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, প্রস্তাব প্রত্যাখ্যান করলে ইরানের ওপর আগের চেয়ে আরও তীব্র ও ভয়াবহ বোমা হামলা চালানো হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন। তিনি জানান, ইরান প্রস্তাবে সম্মত হলে ‘এপিক ফিউরি’ নামে পরিচালিত সামরিক অভিযানের সমাপ্তি ঘটবে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, সমঝোতা হলে হরমুজ প্রণালিতে আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়া হবে এবং গুরুত্বপূর্ণ এই নৌপথ আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
তিনি বলেন, “যদি তারা রাজি হয়, তাহলে এই সংঘাতের ইতি টানা সম্ভব হবে। হরমুজ প্রণালি সবার জন্য খুলে দেওয়া হবে এবং অভিযান শেষ হবে।”
একই পোস্টে কঠোর হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “যদি তারা রাজি না হয়, তবে আবার বোমা হামলা শুরু হবে। দুঃখজনক হলেও সত্যি, এবারের হামলার মাত্রা ও তীব্রতা আগের চেয়ে অনেক বেশি হবে।”
ট্রাম্পের এ বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও গভীর হতে পারে।
সূত্র: আল জাজিরা











