যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইস্যুতে ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন আরাগচি
- প্রকাশঃ ০৮:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / 4
আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি । ছবি: এএফপি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় তেহরানের সর্বশেষ অবস্থান ও চলমান কূটনৈতিক উদ্যোগের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
আজ শুক্রবার তুরস্ক, মিসর, কাতার, সৌদি আরব, ইরাক এবং আজারবাইজান–এর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন আরাগচি।
টেলিফোন আলাপে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কেন্দ্র করে তৈরি হওয়া সামরিক উত্তেজনা, চলমান সংঘাত বন্ধের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে তেহরানের কূটনৈতিক তৎপরতার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে ইরানের একটি কূটনৈতিক সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানায়, পরিস্থিতি প্রশমনে নতুন একটি প্রস্তাব নিয়ে কাজ করছে তেহরান। ওই প্রস্তাব পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পৌঁছানো হয়েছে বলে জানা গেছে।
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ইরানের এ কূটনৈতিক যোগাযোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আঞ্চলিক পর্যায়ে উত্তেজনা কমাতে আলোচনা ও সমন্বয়ের পথকে সামনে রাখছে তেহরান।












