গ্রীষ্মকালীন ছুটিতে শিশুদের জন্য ফ্রি বাস ভ্রমণ, বিভিন্ন খাতে ছাড় দিচ্ছে যুক্তরাজ্য সরকার
- প্রকাশঃ ০২ অগাস্ট ২০২৬, ১৩:০০
- / 7
স্কুলের গ্রীষ্মকালীন ছুটিতে পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় কমাতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। ১ আগস্ট থেকে পুরো আগস্ট মাসজুড়ে দেশের অধিকাংশ স্থানীয় বাসে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুরা বিনামূল্যে ভ্রমণ করতে পারবে। সরকারের ‘গ্রেট ব্রিটিশ সামার সেভিংস স্কিম’-এর আওতায় চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে পরিবারগুলোর যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট (DfT) জানিয়েছে, পাঁচ বছরের কম বয়সী শিশুরা আগেই বিনা ভাড়ায় স্থানীয় বাসে চলাচলের সুবিধা পেত। নতুন কর্মসূচির আওতায় আগস্ট মাসজুড়ে ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুরাও অধিকাংশ স্থানীয় বাসে কোনো ভাড়া ছাড়াই ভ্রমণ করতে পারবে। এতে প্রতি বাসযাত্রায় প্রতি শিশুর গড়ে ১ থেকে ২ পাউন্ড পর্যন্ত সাশ্রয় হবে।
সরকার জানিয়েছে, স্কুল বন্ধ থাকাকালে পরিবারগুলো যাতে কম খরচে ভ্রমণ ও অবসর কাটানোর সুযোগ পায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিনামূল্যে বাস ভ্রমণের সুবিধা নিয়ে পরিবারগুলো দেশের বিভিন্ন জনপ্রিয় পর্যটনকেন্দ্র, ঐতিহাসিক স্থাপনা ও বিনোদন পার্কে সহজে যেতে পারবে। উল্লেখযোগ্য গন্তব্যগুলোর মধ্যে রয়েছে ইয়র্ক ডানজিয়ন, উইন্ডসর ক্যাসেল এবং লেস্টারের ন্যাশনাল স্পেস সেন্টার।
পরিবহন সুবিধার পাশাপাশি সরকারের গ্রীষ্মকালীন সাশ্রয় কর্মসূচির আওতায় শিশুদের খাবার, রেস্তোরাঁর শিশুদের মেনু, সিনেমা, থিয়েটার, কনসার্ট ও প্রদর্শনীর টিকিট এবং থিম পার্ক, অ্যাডভেঞ্চার পার্ক, চিড়িয়াখানা, জাদুঘরসহ বিভিন্ন পারিবারিক বিনোদনকেন্দ্রের টিকিটেও ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এই মূল্যছাড় স্বয়ংক্রিয়ভাবে ১ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
এদিকে সরকার ঘোষণা দিয়েছে, আগামী বছরের শুরু থেকে সব যাত্রীর জন্য স্থানীয় বাসভাড়ার সর্বোচ্চ সীমা আবারও ২ পাউন্ডে নামিয়ে আনা হবে। বর্তমানে এই সীমা ৩ পাউন্ড।
যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার বলেন, গ্রীষ্মকালীন ছুটিতে পরিবারগুলো যেন কম খরচে একসঙ্গে সময় কাটাতে পারে, সেই লক্ষ্যেই শিশুদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণ এবং বিভিন্ন বিনোদনমূলক খাতে মূল্যছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, আগামী বছর বাসভাড়ার সর্বোচ্চ সীমা ২ পাউন্ডে ফিরিয়ে আনার সিদ্ধান্তও সাধারণ মানুষের যাতায়াত ব্যয় কমাতে সহায়ক হবে।
এ ছাড়া সরকার পরিবারগুলোকে অনলাইনে আগাম টিকিট বুকিং, বিভিন্ন ডিসকাউন্ট কোড, সুপারমার্কেটের লয়্যালটি স্কিম, মোবাইল অপারেটর এবং ব্যাংকের বিশেষ অফার ব্যবহারের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে কেলগসের মতো কিছু সিরিয়াল ব্র্যান্ডের ‘টু-ফর-ওয়ান’ এবং ‘ফ্রি চাইল্ড এন্ট্রি’ অফারের সুবিধা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
সরকারের আশা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে এই কর্মসূচি গ্রীষ্মকালীন ছুটিতে পরিবারগুলোর আর্থিক চাপ কমাতে সহায়ক হবে। বিশেষ করে যেসব পরিবার সন্তানদের নিয়ে ভ্রমণ বা বিনোদনের পরিকল্পনা করছেন, তাদের জন্য আগস্ট মাসজুড়ে বিনামূল্যে বাস ভ্রমণ এবং বিভিন্ন খাতে মূল্যছাড় উল্লেখযোগ্য সাশ্রয়ের সুযোগ তৈরি করবে।

























