সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ট্রাম্পের নৈশভোজেও অংশ নেবেন
- প্রকাশঃ ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১১
- / 5
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। এবারের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে তাঁর যুক্তরাষ্ট্র সফর ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার পরিকল্পনা ছিল। নিউইয়র্কের পাশাপাশি সানফ্রান্সিসকো সফরের প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে সফরসূচি সংক্ষিপ্ত করা হয়।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে উন্নয়ন, মহামারি মোকাবিলা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও পারমাণবিক নিরস্ত্রীকরণসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় গুরুত্ব পেতে পারে। পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বাংলাদেশ আয়োজিত বিভিন্ন আলোচনাতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী, যার মধ্যে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা রয়েছে।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, কুয়েতের যুবরাজ শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচ এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি রয়েছে।
এ ছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং বোয়িং গ্লোবালের প্রেসিডেন্ট ব্রেন্ডন নেলসনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। সফরকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এবারের সফরে তাঁর সঙ্গে থাকা প্রতিনিধিদলও তুলনামূলক ছোট রাখা হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ হতে যাচ্ছে।

























