ভিসা জালিয়াতির অভিযোগ জানাতে নতুন ওয়েবসাইট চালু যুক্তরাষ্ট্রের
- প্রকাশঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭
- / 2
ওয়াশিংটন, ২৫ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে জালিয়াতি ও অপব্যবহারের তথ্য জানাতে নতুন অনলাইন ব্যবস্থা চালু করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। ‘রিপোর্ট ভিসা ফ্রড’ নামে এই ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ সন্দেহজনক ভিসা জালিয়াতির তথ্য সরাসরি কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন।
পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, অভিযোগকারীরা চাইলে পরিচয় গোপন রেখেই তথ্য জমা দিতে পারবেন। তবে নাম ও ই-মেইল ঠিকানা দিলে পরবর্তী সময়ে প্রয়োজনীয় তথ্যের জন্য তদন্তকারীরা অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
অভিযোগ জমা দেওয়ার সময় সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় যতটা সম্ভব বিস্তারিত জানানোর আহ্বান জানিয়েছে দপ্তর। ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ হলে নাম, পাসপোর্ট বা ভিসা নম্বর, জন্মতারিখ, ঠিকানা, যোগাযোগের তথ্য ও জাতীয়তার মতো তথ্য দেওয়া যেতে পারে। কোনো প্রতিষ্ঠান জড়িত থাকলে তার নাম, ঠিকানা, ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয়ও জানানো যাবে।
ভিসা আবেদন প্রক্রিয়ায় প্রতারণা, জাল নথি ব্যবহার, ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া, সাজানো বিয়ে বা সম্পর্কের মাধ্যমে ভিসা পাওয়ার চেষ্টা এবং ভুয়া চাকরি বা প্রতিষ্ঠানের তথ্য দেওয়ার মতো বিষয় এই অভিযোগের আওতায় আসতে পারে।
দপ্তর জানিয়েছে, জমা দেওয়া তথ্যের ভিত্তিতে আইন প্রয়োগকারী সংস্থার তদন্ত শুরু বা চলমান তদন্তে সহায়তা করা হতে পারে। প্রয়োজন অনুযায়ী তথ্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট বিদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গেও ভাগ করা যেতে পারে।
তবে মিথ্যা তথ্য দেওয়ার বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ভিসা বা অভিবাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত নয় এমন অপরাধের তথ্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জানাতে বলা হয়েছে। তাৎক্ষণিক জাতীয় নিরাপত্তা বা জননিরাপত্তার হুমকি থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্যোগটি ঘোষণা করে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা একটি সুযোগ, অধিকার নয়। ভিসা জালিয়াতি ও অপব্যবহারের তথ্য শনাক্ত করতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে দপ্তর।
পররাষ্ট্র দপ্তরের নতুন ‘রিপোর্ট ভিসা ফ্রড’ ব্যবস্থাটি বর্তমানে অনলাইনে চালু রয়েছে। দপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, অভিযোগকারীর কাছে থাকা তথ্য যত বেশি বিস্তারিত হবে, তা তদন্তের ক্ষেত্রে তত বেশি সহায়ক হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র ভিসা যাচাই-বাছাই ও নিরাপত্তা পর্যালোচনার পরিধিও বাড়াচ্ছে। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা আবেদনকারীদের বিষয়ে অতিরিক্ত যাচাই ও অনলাইন উপস্থিতি পর্যালোচনার ব্যবস্থা সম্প্রসারণ করা হচ্ছে।

























