অস্ট্রেলিয়ায় বেকারত্ব পাঁচ বছরের সর্বোচ্চ, বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ
- প্রকাশঃ ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫১
- / 6
ক্যানবেরা (প্রজন্ম কথা): অস্ট্রেলিয়ায় বেকারত্বের হার বেড়ে পাঁচ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত অক্টোবরে দেশটির বেকারত্বের হার ৪ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ৯ শতাংশ হয়েছে। একই সময়ে কর্মসংস্থানে থাকা মানুষের সংখ্যা কমেছে ৪৩ হাজার ৫০০। এর ফলে দেশটির অর্থনীতি মন্দার দিকে এগোচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়ান ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এবিএস) প্রকাশিত নতুন পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। কর্মসংস্থান বাড়ার পূর্বাভাস থাকলেও অক্টোবরে উল্টো কর্মজীবী মানুষের সংখ্যা কমেছে। বেকারত্বের হারও স্থিতিশীল থাকার পূর্বাভাসের বিপরীতে বেড়েছে।
চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় বেকারত্বের হার ছিল ৪ শতাংশ। সেখান থেকে বেড়ে অক্টোবরে ৪ দশমিক ৯ শতাংশে পৌঁছেছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। করোনা মহামারির আগের সময়ের বেকারত্বের হারের কাছাকাছিও পৌঁছে গেছে দেশটি।
গত চার মাসের মধ্যে তিন মাসেই কর্মসংস্থানে থাকা মানুষের সংখ্যা কমেছে। অক্টোবরে পূর্ণকালীন কর্মসংস্থান কমেছে ২ হাজার ৯০০। খণ্ডকালীন কর্মসংস্থানে এই পতন আরও বেশি, ৪০ হাজার ৬০০ জন।
এ পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার (আরবিএ) সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা কমে গেছে বলে মনে করছে আর্থিক বাজার। ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের তথ্য অনুযায়ী, বাজারে এখন কেন্দ্রীয় ব্যাংকের ষষ্ঠ দফা সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে সুদের হার কমানোর সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হচ্ছে।
চলতি বছর অস্ট্রেলিয়ায় পাঁচ দফা সুদের হার বাড়ানো হয়েছে। ঋণের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় পরিবারগুলোর ওপর চাপ তৈরি হয়েছে। এর প্রভাব অর্থনীতির প্রবৃদ্ধিতে পড়ছে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
বেটাশেয়ারসের প্রধান অর্থনীতিবিদ ডেভিড বাসানিজ বলেন, শ্রমবাজারের পরিসংখ্যানে মৌসুমি পরিবর্তনের প্রভাব নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। এসব পরিবর্তনের কারণে কর্মসংস্থানের পরিস্থিতি প্রকৃত অবস্থার চেয়ে দুর্বল দেখাতে পারে।
তবে কর্মসংস্থান কমার পরিসংখ্যান বাস্তব পরিস্থিতির প্রতিফলন হলে তা সুদের হার বৃদ্ধির অবসানের ইঙ্গিত দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বাসানিজ বলেন, “কর্মসংস্থানে ধারাবাহিকভাবে বড় ধরনের পতন হলে তা ইঙ্গিত দিতে পারে, অর্থনীতি ইতিমধ্যে মন্দার দিকে এক পা বাড়িয়ে দিয়েছে।”
নতুন পরিসংখ্যানকে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের তিনজন ভিন্নমত পোষণকারী সদস্যের আগের সতর্কবার্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মেলবোর্ন কাপ দিবসে সুদের হার বাড়ানোর সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিয়েছিলেন তাঁরা। সে সময় তাঁদের সতর্কবার্তা ছিল, ঋণের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় পরিবারগুলো চাপে রয়েছে এবং অর্থনীতিতে প্রত্যাশার চেয়ে অনেক বেশি তীব্র মন্দা দেখা দিতে পারে।
তরুণদের বেকারত্বও বাড়ছে
অক্টোবরে অস্ট্রেলিয়ায় তরুণদের বেকারত্বের হারও বেড়েছে। সেপ্টেম্বরে এই হার ছিল ১১ দশমিক ১ শতাংশ, অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩ শতাংশে।
কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে প্রাথমিক পর্যায়ের চাকরির সুযোগ কমে যাওয়ার আশঙ্কা এবং খুচরা বিক্রয় খাতে সাম্প্রতিক সময়ে একের পর এক কর্মী ছাঁটাইয়ের ঘটনার মধ্যে তরুণদের বেকারত্বের এই বৃদ্ধি নতুন উদ্বেগ তৈরি করেছে।
এবিএসের শ্রম পরিসংখ্যান বিভাগের প্রধান শন ক্রিক বলেন, ২০২১ সালের অক্টোবরের পর তরুণদের বেকারত্বের হার আর এত বেশি হয়নি।
তিনি জানান, করোনা-পরবর্তী সময়ে, অর্থাৎ ২০২২ সালের মে মাস থেকে তরুণদের গড় বেকারত্বের হার ছিল ৯ দশমিক ২ শতাংশ। অক্টোবরে তা বেড়ে ১১ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে।




























