ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- প্রকাশঃ ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩০
- / 3
ক্যালিফোর্নিয়া, ২৯ সেপ্টেম্বর, (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন নিউজম ২৭ সেপ্টেম্বর অ্যাসেম্বলি বিল ২০১৭-এ স্বাক্ষর করার পর দুই ঈদকে রাজ্যের ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিলটি উত্থাপন করেন সান ফ্রান্সিসকোর অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি।
নতুন আইনে শাওয়াল মাসের প্রথম দিনকে ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখকে ঈদুল আজহা হিসেবে উল্লেখ করা হয়েছে। চাঁদের হিসাব অনুযায়ী ঈদের তারিখ প্রতিবছর পরিবর্তিত হওয়ায় আইনে নির্দিষ্ট ইংরেজি তারিখ ব্যবহার করা হয়নি।
তবে এই স্বীকৃতির অর্থ ক্যালিফোর্নিয়ার সব সরকারি দপ্তর, আদালত, স্কুল বা বেসরকারি প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ থাকবে, এমন নয়। আইনে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে বিচারিক ছুটি হিসেবেও অন্তর্ভুক্ত করা হয়নি।
নতুন আইনে সরকারি স্কুলগুলো স্থানীয়ভাবে সমঝোতার ভিত্তিতে ঈদের দিন বন্ধ রাখতে পারবে। এ জন্য সংশ্লিষ্ট স্কুল বোর্ড ও কর্মীদের প্রতিনিধিদের মধ্যে সমঝোতা প্রয়োজন হবে। একইভাবে কমিউনিটি কলেজগুলোও স্থানীয় চুক্তির মাধ্যমে ঈদের দিন বন্ধ রাখার ব্যবস্থা করতে পারবে।
অর্থাৎ ঈদের দিন স্কুল বন্ধ রাখা রাজ্যজুড়ে বাধ্যতামূলক করা হয়নি। কোন স্কুল বা কমিউনিটি কলেজে সেদিন কার্যক্রম বন্ধ থাকবে, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিদ্ধান্ত ও স্থানীয় সমঝোতার ওপর নির্ভর করবে।
আইনে ক্যালিফোর্নিয়ার রাজ্য কর্মীদের ঈদুল ফিতর ও ঈদুল আজহারের তারিখে বিদ্যমান ছুটির সুবিধার আওতায় আট ঘণ্টার ছুটির ক্রেডিট বেছে নেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে এটি সবার জন্য নতুন করে অতিরিক্ত বেতনসহ ছুটি তৈরি করে না। কর্মীদের ছুটির ব্যবস্থাটি সংশ্লিষ্ট কর্মসংস্থান কাঠামো ও সমঝোতার সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর হবে।
স্কুল ও কমিউনিটি কলেজের শ্রেণিবদ্ধ কর্মীদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট বোর্ড ও কর্মী প্রতিনিধিদের মধ্যে সমঝোতার ভিত্তিতে ঈদের দিনের বেতনসহ ছুটির ব্যবস্থা করা যেতে পারে।
ম্যাট হ্যানি ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বিলটি উত্থাপন করেন। পরে এটি ক্যালিফোর্নিয়া আইনসভার বিভিন্ন কমিটির অনুমোদন পেরিয়ে এগোয়। ২৬ মে অ্যাসেম্বলিতে বিলটি ৬৪-১ ভোটে পাস হয়। ৩০ আগস্ট সিনেটে ৩০-৪ ভোটে পাস হওয়ার পর একই দিন অ্যাসেম্বলি ৬২-৩ ভোটে সিনেটের সংশোধনী অনুমোদন করে।
এরপর ১০ সেপ্টেম্বর বিলটি গভর্নরের কাছে পাঠানো হয়। ২৭ সেপ্টেম্বর গভর্নর নিউজম এতে স্বাক্ষর করেন। তাঁর স্বাক্ষরের পরই ঈদুল ফিতর ও ঈদুল আজহা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়।
আইনটির মাধ্যমে ঈদ দুইটির জন্য রাজ্য সরকারের ক্যালেন্ডারে আনুষ্ঠানিক স্বীকৃতি তৈরি হলো। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মীদের জন্য ঈদ পালনের ক্ষেত্রে স্থানীয়ভাবে ছুটি ব্যবস্থাপনার সুযোগও তৈরি হয়েছে।
























