নিউইয়র্কে সাশ্রয়ী আবাসনের লটারি, ৫১০ আবেদনে বাসা পান মাত্র একটি পরিবার
- প্রকাশঃ ২২ নভেম্বর ২০২৬, ১৭:০৪
- / 1
নিউইয়র্ক (প্রজন্ম কথা) – যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সাশ্রয়ী আবাসনের লটারিতে আবেদন করেও অ্যাপার্টমেন্ট পাওয়া কঠিন হয়ে উঠেছে। প্রতি ৫১০টি আবেদনের বিপরীতে গড়ে মাত্র একটি পরিবার ভাড়া-সাশ্রয়ী বাসার চুক্তি করতে পারছে। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত শহরের হাউজিং কানেক্টে জমা পড়া ১ কোটি ২ লাখ ৫০ হাজার ৮৭২টি আবেদনের বিপরীতে চুক্তি হয়েছে মাত্র ২০ হাজার ২০০টি পরিবারের সঙ্গে।
দ্য সিটি রিপোর্টারের সরকারি তথ্যভিত্তিক অনুসন্ধানী বিশ্লেষণে দেখা গেছে, আবেদনকারীদের আয়ের শ্রেণি অনুযায়ী লটারিতে সফল হওয়ার সম্ভাবনায় উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। চার সদস্যের পরিবারের ক্ষেত্রে নিম্ন আয়ের শ্রেণিতে ৬৩৯ জন আবেদনকারীর মধ্যে গড়ে একজন, মধ্যম আয়ের শ্রেণিতে ৩২৫ জনে একজন এবং উচ্চ-মধ্যম আয়ের শ্রেণিতে ৩৯৮ জনে একজন অ্যাপার্টমেন্টের চুক্তি পাচ্ছেন। অর্থাৎ নিম্ন আয়ের পরিবারের তুলনায় মধ্যম ও উচ্চ-মধ্যম আয়ের পরিবারের সুযোগ বেশি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২০ সালের জুলাই থেকে ২০২৬ সালের ২ নভেম্বর পর্যন্ত হাউজিং কানেক্টে বিজ্ঞাপিত ৫৬ হাজার ২৭১টি অ্যাপার্টমেন্টের মধ্যে অতি নিম্ন আয়ের পরিবারের জন্য বরাদ্দ ছিল মাত্র ৪ শতাংশ। বিপরীতে মধ্যম আয়ের পরিবারের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ৩৯ শতাংশ।
লটারিতে স্থানীয় বাসিন্দাদের জন্য নির্ধারিত অগ্রাধিকারও বাসা পাওয়ার সম্ভাবনায় বড় প্রভাব ফেলছে। যে কমিউনিটি ডিস্ট্রিক্টে অ্যাপার্টমেন্ট নির্মিত হয়, সেখানকার বাসিন্দারা বিশেষ সুবিধা পান। এ সুবিধার আওতায় তাঁদের অ্যাপার্টমেন্ট পাওয়ার সম্ভাবনা প্রায় ৫৩ জনে একজন। স্থানীয় অগ্রাধিকার না থাকলে অন্য আবেদনকারীদের ক্ষেত্রে সেই সম্ভাবনা কমে দাঁড়ায় ১ হাজার ৫১ জনে একজন।
তবে লটারিতে নির্বাচিত হলেই অ্যাপার্টমেন্ট নিশ্চিত হয় না। নির্বাচিত আবেদনকারীদের আয়, পরিবারের সদস্যসংখ্যা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। তথ্যের অসামঞ্জস্য পাওয়া গেলে আবেদন বাতিল হতে পারে। আবার প্রস্তাবিত ভাড়া বা অন্যান্য শর্ত পছন্দ না হওয়ায় কেউ কেউ বরাদ্দ প্রত্যাখ্যান করেন।
শহরের বিভিন্ন এলাকায় সাশ্রয়ী আবাসন নির্মাণের সুযোগও সমান নয়। প্রতিবেদনে বলা হয়েছে, লং আইল্যান্ড সিটি, উইলিয়ামসবার্গ, গ্রিনপয়েন্ট, ডাউনটাউন ব্রুকলিন ও সাউথ ব্রঙ্কসে তুলনামূলক বেশি অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে। অন্যদিকে স্ট্যাটেন আইল্যান্ডের কয়েকটি এলাকা এবং কুইন্সের লরেলটন, রোজডেল ও কুইন্স ভিলেজে লটারির মাধ্যমে অ্যাপার্টমেন্ট পাওয়ার সুযোগ কম।
প্রতিবেদনে উঠে এসেছে, লটারি প্রক্রিয়া নিয়ম মেনে পরিচালিত হলেও সাশ্রয়ী আবাসনের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এ ব্যবধানের কারণে বহু পরিবার বছরের পর বছর আবেদন করেও উপযুক্ত বাসা পাচ্ছে না। ফলে নিউইয়র্কে সাশ্রয়ী আবাসন পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের বড় অংশকে দীর্ঘ অপেক্ষার পাশাপাশি লটারির ভাগ্যের ওপরও নির্ভর করতে হচ্ছে।
























