ইউরোপীয় ইউনিয়নের শিশু সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে পর্নহাবসহ চারটি প্রাপ্তবয়স্ক কনটেন্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে তদন্ত শুরু
- প্রকাশঃ ০১:৪০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- / 210
ইউরোপীয় ইউনিয়নের অনলাইন নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে চারটি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি অনলাইন প্ল্যাটফর্ম—পর্নহাব, স্ট্রিপচ্যাট, XNXX ও XVideos–এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইউরোপীয় কমিশন।
মঙ্গলবার (২৭ মে) এক বিবৃতিতে ইইউ জানায়, এসব প্ল্যাটফর্ম Digital Services Act (DSA) অনুসারে শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আইন অনুযায়ী, শিশুদের প্রাপ্তবয়স্ক কনটেন্ট থেকে দূরে রাখতে বয়স যাচাইয়ের উপযুক্ত ব্যবস্থা, ঝুঁকি মূল্যায়ন এবং ঝুঁকি হ্রাসে কার্যকর পদক্ষেপ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে—যা এসব কোম্পানি পালন করেনি বলে অভিযোগ করা হয়েছে।
ইইউ’র প্রযুক্তি বিষয়ক প্রধান হেন্না ভির্কুনেন বলেন,
“অনলাইন প্ল্যাটফর্ম শিশুদের শেখা ও সংযোগ স্থাপনের নিরাপদ জায়গা হওয়া উচিত। আমাদের অগ্রাধিকার minors বা নাবালকদের সুরক্ষা নিশ্চিত করা।”
তদন্তে দোষী প্রমাণিত হলে এসব কোম্পানিকে তাদের বার্ষিক বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।
উল্লেখ্য, ২০২৩ সালে এই চারটি প্ল্যাটফর্মকে ‘অত্যন্ত বড় অনলাইন প্ল্যাটফর্ম’ হিসেবে ঘোষণা করে ইইউ, যার ফলে তাদের উপর অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণে বিশেষ দায়িত্ব আরোপ করা হয়।
এছাড়াও, স্ট্রিপচ্যাট–এর ব্যবহারকারীর সংখ্যা DSA-এর নির্ধারিত সীমার নিচে নেমে যাওয়ায় চার মাসের মধ্যে তাদের এই ‘বড় প্ল্যাটফর্ম’ হিসেবে পরিচিতি বাতিল করা হবে বলে জানিয়েছে কমিশন।
এদিকে ইইউ আলাদাভাবে জানায়, ছোট আকারের পর্নোগ্রাফিক সাইটগুলোর বিরুদ্ধেও সদস্য রাষ্ট্রগুলো সমন্বিতভাবে ব্যবস্থা গ্রহণ করবে, যাতে শিশুদের প্রাপ্তবয়স্ক কনটেন্ট থেকে সুরক্ষা নিশ্চিত করা যায়।

























