গাজায় মানবিক বিপর্যয়ের পাশাপাশি ভয়াবহ স্বাস্থ্য ও পরিবেশগত সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন ফিলিস্তিনের দূত ইব্রাহিম আল-জেবেন। তিনি সতর্ক করেছেন, ইসরায়েলের অব্যাহত হামলা ও ধ্বংসযজ্ঞ গাজাকে এখন এক চরম জনস্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতিসংঘ আয়োজিত ‘কোপ–৩০’ জলবায়ু সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে আল-জেবেন এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, “গাজা এখন ইসরায়েলের পরিচালিত গণহত্যার শিকার। এই যুদ্ধ লাখো মানুষের ক্ষতি করেছে এবং প্রায় ৬১ মিলিয়ন টন ধ্বংসাবশেষ তৈরি করেছে—যার একটি বড় অংশই দূষিত ও বিষাক্ত।”
তিনি আরও বলেন, গাজায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এর ফলে ভূগর্ভস্থ পানি ও উপকূলীয় জলে ভয়াবহ দূষণ সৃষ্টি হয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।
ফিলিস্তিনি দূত জানান, ইসরায়েলি হামলায় গাজার কৃষিজমির বড় অংশ ধ্বংস হয়ে গেছে। ফলে খাদ্য নিরাপত্তাহীনতা ও অনাহার চরম পর্যায়ে পৌঁছেছে। তাঁর ভাষায়, “খাদ্যকেও এখন হামলার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।”
আল-জেবেন সতর্ক করে বলেন, ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসন শুধু গাজার মানুষের জীবন ও অবকাঠামো ধ্বংস করছে না, বরং পুরো অঞ্চলের জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি হুমকি তৈরি করছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে এই বিপর্যয় রোধে এগিয়ে আসতে।

























