কাশ্মিরে থানার বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণ: নিরাপত্তা সদস্যসহ নিহত ৯
- প্রকাশঃ ১১:৪৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / 112
ভারতের জম্মু–কাশ্মিরে পুলিশ স্টেশনের ভেতর জব্দ করা বিস্ফোরক ভান্ডারে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতে শ্রীনগরের নওগাম থানায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, কাশ্মিরের ফরিদাবাদ এলাকা থেকে সম্প্রতি বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। সেগুলো নওগাম থানায় এনে ফরেনসিক ও বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা–নিরীক্ষা করার সময় হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধাক্কায় থানার একটি অংশ ধসে পড়ে এবং চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণে আহত ব্যক্তিদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। বিস্ফোরণের তীব্রতায় মরদেহের অংশ ছিটকে প্রায় ৩০০ ফুট দূরেও ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, জব্দ করা বিস্ফোরকের অধিকাংশই ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—সন্দেহভাজনরা তড়িঘড়ি করে আইইডি তৈরির চেষ্টা করায় সেটি সঠিকভাবে সংযুক্ত বা নিষ্ক্রিয় করা হয়নি, ফলে পরীক্ষা–নিরীক্ষার সময় দুর্ঘটনাবশত বিস্ফোরণটি ঘটে।
নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপে কেউ আটকে আছে কি না তা নিশ্চিত করতে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

























