মোহাম্মদপুরে বাসা থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- প্রকাশঃ ০২:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 39
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—লাইলা আফরোজ (৪৮) এবং তাঁর কন্যা নাফিসা নাওয়াল বিনতে আজিজ (১৫)। নাফিসা একটি প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা আজিজুল ইসলাম পলাশ ঢাকার একটি স্কুলে শিক্ষকতা করেন।
পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো আজ সকালে আজিজুল ইসলাম পলাশ স্কুলে যান। পরে সাড়ে ১১টার দিকে বাসায় ফিরে বাইরে থেকে দরজা খুলে ভেতরে ঢুকেই তিনি বাসার ভেতর রক্তাক্ত দৃশ্য দেখতে পান। প্রথমে তিনি মেয়ের মরদেহ দেখতে পান। পরে রান্নাঘরে গিয়ে স্ত্রীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
বাসায় একজন গৃহকর্মী নিয়মিত কাজ করতেন। তবে আজ তিনি কাজে এসেছিলেন কি না—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন প্রথম আলোকে জানান, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।






























