যুক্তরাজ্যের ব্রিস্টল জাদুঘর থেকে উপনিবেশ যুগের ৬০০–র বেশি শিল্পকর্ম চুরি
- প্রকাশঃ ০৬:০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 87
ব্রিস্টল জাদুঘরে চুরির ঘটনায় চার সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে পুলিশ | ছবি: এএফপি
যুক্তরাজ্যের ব্রিস্টল জাদুঘর থেকে ব্রিটিশ সাম্রাজ্য ও কমনওয়েলথ আমলের ৬০০–টির বেশি মূল্যবান শিল্পকর্ম চুরি হয়েছে। দক্ষিণ-পশ্চিম যুক্তরাজ্যের অ্যাভন ও সমারসেট পুলিশ গতকাল বৃহস্পতিবার চারজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করে সাধারণ মানুষের কাছে তথ্য প্রদানের আহ্বান জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, এসব শিল্পকর্ম গত ২৫ সেপ্টেম্বর ভোরে জাদুঘরের সংরক্ষণাগার থেকে চুরি হয়। চুরি যাওয়া সামগ্রীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক মূল্য অনেক বেশি বলে জানিয়েছেন তদন্তকারীরা। তবে দুই মাসের বেশি সময় পর সন্দেহভাজনদের ছবি প্রকাশের কারণ সম্পর্কে পুলিশ বিস্তৃত ব্যাখ্যা দেয়নি। শুধু জানিয়েছে, চুরির সময় ঘটনাস্থলের আশপাশে ওই ব্যক্তিদের দেখা গিয়েছিল।
ব্রিস্টল সিটি কাউন্সিল নিশ্চিত করেছে, চুরি হওয়া শিল্পকর্মগুলোর মধ্যে রয়েছে পদক, ব্যাজ, পিন, গয়না, খোদাই করা হাতির দাঁত, রুপার সামগ্রী, ব্রোঞ্জমূর্তি এবং ভূতাত্ত্বিক নমুনা। কাউন্সিলের সংস্কৃতি ও সৃজনশীল শিল্পবিষয়ক প্রধান ফিলিপ ওয়াকার বলেন, এসব নিদর্শন দুই শতাব্দী ধরে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে বিভিন্ন দেশের ঐতিহাসিক সম্পর্ক বহন করে।
জাদুঘরের কর্মকর্তারা জানিয়েছেন, শিল্পকর্মগুলো সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বের বহু মানুষের কাছে এর বিশেষ তাৎপর্য রয়েছে। পুলিশ কর্মকর্তা ড্যান বার্গান বলেন, সংগ্রহের বেশির ভাগই সাধারণ মানুষের দান করা, যা যুক্তরাজ্যের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তিনি আশা প্রকাশ করেন, তথ্য পেলে চোরদের শনাক্ত করা সম্ভব হবে।
ব্রিস্টল শহরের ইতিহাস দাস ব্যবসার সঙ্গে গভীরভাবে জড়িত। এখানকার বন্দর থেকে অতীতে লাখ লাখ আফ্রিকানকে জোর করে আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে দাস হিসেবে পাঠানো হতো। বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় ২০২০ সালে ১৭ শতাব্দীর দাস ব্যবসায়ী এডওয়ার্ড কোলস্টনের মূর্তি ভেঙে নদীতে ফেলে দেওয়ার পর শহরটি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।
আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঐতিহাসিক পোশাক, ছবি ও সামগ্রী সংরক্ষণ করে আসা ব্রিস্টল জাদুঘর থেকে এত বড় মাত্রার চুরি—শহরটিকে আবারও আলোচনায় ফিরিয়ে এনেছে।

























