সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুক হামলা: নিহত অন্তত ১০
আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:৫৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 86
অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্রসৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোববার (স্থানীয় সময়) সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় পুরো সিডনি শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডি সমুদ্রসৈকতে এক বা একাধিক বন্দুকধারী হামলা চালায়। ওই সময় ইহুদিদের ধর্মীয় উৎসব ‘হানুক্কাহ’ উপলক্ষে সৈকতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পরপরই এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আতঙ্কিত মানুষজন নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াতে থাকেন। ঘটনাস্থলে প্রায় ৫০টির মতো গুলির শব্দ শোনা যায়।
স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন (৩০) গণমাধ্যমকে বলেন, আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি। চারদিকে রক্ত ছড়িয়ে ছিল। খুব দ্রুত পুলিশ অভিযান শুরু করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের গুলিতে এক বন্দুকধারী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হামলাকারীর সংখ্যা ও পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
ঘটনার পর বন্ডি সমুদ্রসৈকত ও আশপাশের এলাকা ঘিরে ফেলে ব্যাপক অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ওই এলাকা এড়িয়ে চলতে এবং পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে।
প্রবাসী বাংলাদেশিরা নিরাপদ
এ হামলার ঘটনায় সিডনিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও এখন পর্যন্ত তাদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রবাসী বাংলাদেশিরা নিজ নিজ এলাকায় নিরাপদে রয়েছেন।
সিডনি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হামলার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।

























