থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ অব্যাহত: থাই সেনা নিহত ১৯, কম্বোডিয়ার বেসামরিক নিহত ১৭
- প্রকাশঃ ০৪:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / 82
ফাইল ছবি। সংগৃহীত
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে চলমান সশস্ত্র সংঘর্ষে উভয় পক্ষের হতাহতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ তথ্যমতে, এ পর্যন্ত থাইল্যান্ডের সামরিক বাহিনীর ১৯ জন সদস্য নিহত হয়েছেন। অপরদিকে, কম্বোডিয়া জানিয়েছে, সংঘর্ষে এক শিশুসহ তাদের ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
গত ৭ ডিসেম্বর থেকে দুই দেশের সীমান্তে উত্তেজনা ও সংঘর্ষ অব্যাহত রয়েছে। থাইল্যান্ডের সেকেন্ড আর্মি এরিয়া মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, তা কোয়াই ও হিল ৩৫০ এলাকায় এখনও তীব্র লড়াই চলছে। সাম্প্রতিক সংঘর্ষে নতুন করে থাই বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।
এর আগে থাইল্যান্ড দাবি করে, সুরিন প্রদেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ‘প্রসাত তা কোয়াই’-এর ওপর তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ওই এলাকা থেকে কম্বোডিয়ার বাহিনীকে পিছু হটতে বাধ্য করা হয়েছে।
উল্লেখ্য, এক মাস আগে মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে থাই সেনা নিহত হওয়ার পর ৭ ডিসেম্বর সেই যুদ্ধবিরতি ভেঙে যায়। পরদিন ৮ ডিসেম্বর থাই সেনাবাহিনী অভিযোগ করে, কম্বোডিয়ান বাহিনী ভোরে সীমান্তবর্তী থাই অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ চালায়। এর জবাবে থাই বিমান বাহিনী কম্বোডিয়ার সামরিক স্থাপনায় যুদ্ধবিমান দিয়ে হামলা চালায়।
কম্বোডিয়া এখন পর্যন্ত তাদের সামরিক বাহিনীর হতাহতের কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ না করলেও থাইল্যান্ড দাবি করেছে, সংঘর্ষে অন্তত ২০০ জনের বেশি কম্বোডিয়ান সেনা নিহত হয়েছে।
অন্যদিকে, কম্বোডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, চলমান সংঘর্ষে এক শিশুসহ ১৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ৭৭ জন আহত হয়েছেন।












