প্রতিহিংসার রাজনীতি প্রত্যাখ্যানের আহ্বান: বিভাজন নয়, ঐক্যই হোক রাজনীতির ভিত্তি
- প্রকাশঃ ০৬:৩৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 109
রাজনীতির নামে বিভাজন ও প্রতিহিংসার সংস্কৃতি পরিহার করে জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সামাজিক সংহতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সাজাউর রাজা সুমন বলেন, রাজনীতি যখন মানুষের মধ্যে দেয়াল তোলে এবং সম্পর্ক ভাঙার খেলায় পরিণত হয়, তখন সেই রাজনীতির চরিত্র নিয়েই প্রশ্ন ওঠে। বিভাজন ও প্রতিহিংসার এই বিধ্বংসী রাজনৈতিক খেলাকে প্রত্যাখ্যান করার এখনই সময়।
তিনি তার স্ট্যাটাসে সামাজিক ও পারিবারিক জীবনের দৃষ্টান্ত টেনে উল্লেখ করেন যে, মানুষ জীবনের প্রায় সব ক্ষেত্রেই—মসজিদে নামাজ আদায়, বাজারে লেনদেন, বিয়ে কিংবা যাতায়াতে একসঙ্গে চলতে পারে। অথচ রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়ে এই বিভক্তি সমাজের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
এনসিপি নেতা সাজাউর রাজা সুমনের আহ্বানে উঠে আসে রাজনীতির নতুন এক দর্শনের কথা। তিনি বলেন: দল নয়, মানুষকে অগ্রাধিকার দিতে হবে। স্বার্থ নয়, ন্যায় ও কল্যাণকে সামনে আনতে হবে। মতভেদ থাকবে, কিন্তু বিদ্বেষ নয়; ভিন্নতা থাকবে, কিন্তু শত্রুতা নয়।
দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ইনসাফ ও সমতাভিত্তিক একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ গড়ে তোলার ওপর জোর দেন তিনি। তার এই বক্তব্য স্থানীয় রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
















