বাংলাদেশিদের ভারতীয় ভিসা পেতে লাগবে সোশ্যাল মিডিয়া প্রোফাইল: কড়াকড়ি আরোপ করছে দিল্লি
- প্রকাশঃ ০৭:২১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- / 63
বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে ভারত সরকার। এখন থেকে ভিসা আবেদনের আগে আবেদনকারীর গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ও সেখানে তাঁর কার্যক্রম নিবিড়ভাবে যাচাই করা হবে। মার্কিন ভিসা নীতির আদলে এই নতুন যাচাই প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ থেকে ৬০ বছর বয়সী আবেদনকারীদের ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং বা যাচাই প্রক্রিয়া বাধ্যতামূলক করা হচ্ছে। তবে বিশেষ বিবেচনায় অপ্রাপ্তবয়স্ক (১৮ বছরের নিচে) এবং প্রবীণ (৬০ বছরের ঊর্ধ্বে) নাগরিকরা এই নিয়মের আওতামুক্ত থাকবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা এই সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে জানান, দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন:যারা প্রকাশ্যে ভারত-বিরোধী প্রচারণা চালান বা উসকানিমূলক পোস্ট দেন, তাদের ভিসা না দেওয়াই যুক্তিসংগত। আগে এটি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে করা হতো, তবে এখন থেকে এটি নিয়মিত ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে কার্যকর হবে।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রামের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে এই ব্যবস্থা ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে। ইতোমধ্যে মেডিকেল, শিক্ষা ও জরুরি ভিসার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যাচাইয়ের কাজ শুরু হয়েছে। এখন সাধারণ বা টুরিস্ট ভিসার ক্ষেত্রেও এটি সম্প্রসারণের লক্ষ্যে প্রযুক্তিগত সক্ষমতা ও জনবল বাড়ানো হচ্ছে।
ঢাকায় নিযুক্ত ভারতের একজন সাবেক রাষ্ট্রদূত এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, বাংলাদেশে বসে যারা নিয়মিত ভারতবিরোধী বক্তব্য ও বিদ্বেষ ছড়ান, তাদের শনাক্ত করতে সোশ্যাল মিডিয়া যাচাই একটি কার্যকর মাধ্যম হবে।
তবে এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রকাশ্য ঘোষণা দেওয়া হয়নি। বর্তমানে ভিসা আবেদন প্রক্রিয়াটি ধীরে ধীরে স্বাভাবিক করার পাশাপাশি নেপথ্যে এই যাচাই প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।

























