যুক্তরাজ্যে ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড হাতে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ
- প্রকাশঃ ০৮:১৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 59
ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়ে আবারও গ্রেপ্তার হলেন বিশ্ববিখ্যাত সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) লণ্ডনে প্যালেস্টাইন অ্যাকশন-এর মিছিলে সংহতি জানানোর সময় তাকে হেফাজতে নেয় লণ্ডন সিটি পুলিশ। ব্রিটিশ সন্ত্রাসবাদ আইনের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গ্রেপ্তারের সময় ২২ বছর বয়সী গ্রেটার হাতে একটি প্ল্যাকার্ড ছিল। যাতে লেখা ছিল— আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধীতা করি।
লণ্ডন সিটি পুলিশ সরাসরি গ্রেটার নাম উল্লেখ না করলেও এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসবাদ আইন ২০০০-এর ১৩ ধারা অনুযায়ী এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ওই তরুণী যুক্তরাজ্যে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের (প্যালেস্টাইন অ্যাকশন) সমর্থনে প্ল্যাকার্ড প্রদর্শন করছিলেন।
গ্রেটা থুনবার্গ এদিন অ্যাসপেন ইনসিওরেন্স নামক একটি প্রতিষ্ঠানের দপ্তরের বাইরে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এই বিমা প্রতিষ্ঠানটি ইসরায়েলের সামরিক ও বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসাগুলোতে সহায়তা দিয়ে আসছে।
চলতি বছরের জুলাই মাসে যুক্তরাজ্য সরকার ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপটিকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকেই এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা বা সমর্থন জানানোর কারণে শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আয়োজকদের দাবি, গ্রেটা থুনবার্গ কেবল নৈতিক সমর্থনের অংশ হিসেবে প্ল্যাকার্ড ধরেছিলেন, কিন্তু পুলিশ তাকে কঠোর সন্ত্রাসবাদ আইনের আওতায় আটক করেছে।
উল্লেখ্য যে, গত কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন গ্রেটা। এর আগেও বিভিন্ন দেশে বিক্ষোভ চলাকালে তিনি একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছিলেন।

























