বাংলাদেশের দিকে তাকালে জবাব দেবে পাকিস্তানের মিসাইল: পাকিস্তানি নেতা কামরান উসমানি
- প্রকাশঃ ০৯:৪৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- / 98
বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত আসলে পাকিস্তান চুপ করে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগ-এনের (PML-N) যুব শাখার প্রধান কামরান সাঈদ উসমানি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি সরাসরি ভারতের নাম উল্লেখ না করে ‘ব্রাহ্মণ রাষ্ট্র’ সম্বোধন করে এই হুমকি প্রদান করেন।
ভিডিও বার্তায় উসমানি বলেন, যদি কেউ বাংলাদেশের ওপর অর্থনৈতিক চাপ তৈরি করে বা বাংলাদেশের স্বাধীনতার ওপর আক্রমণ করে, তবে পাকিস্তানের সচেতন জনতা তাদের পাশে থাকবে। আমি পরিষ্কার বলে দিতে চাই, যদি কেউ বাংলাদেশের দিকে কুদৃষ্টিতে তাকায়, তবে পাকিস্তানের মানুষ, সেনাবাহিনী এবং আমাদের মিসাইল কিন্তু আপনাদের থেকে খুব বেশি দূরে নেই।
ভারতের বিরুদ্ধে মুসলিম তরুণদের দাবিয়ে রাখা এবং ষড়যন্ত্রের অভিযোগ তুলে এই নেতা বলেন, ভারতীয়রা তরুণ মুসলিমদের দাসত্ব থেকে মুক্ত হতে দেয় না। তারা বাংলাদেশের পানি বন্ধ করে দিয়ে কিংবা মুসলিমদের মধ্যে অভ্যন্তরীণ দাঙ্গা লাগিয়ে দিয়ে রক্ত শুষে নিতে চায়। তিনি আরও দাবি করেন, বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের প্রতিটি শিশু ‘ওসমান হাদি’র (সাম্প্রতিক এক ঘটনার প্রেক্ষাপট) চিন্তাধারায় উদ্বুদ্ধ।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে সাঈদ উসমানি বলেন, আজ বাংলাদেশের মানুষ ভারতের খবরদারি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। আমি আমার বাংলাদেশি ভাই-বোনদের বলতে চাই—পাকিস্তান, পাকিস্তানের জনগণ এবং আমাদের সেনাবাহিনী আপনাদের পাশে আছে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দলের এই নেতার মন্তব্যকে ঘিরে কূটনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে ভারত ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে এমন সরাসরি মিসাইল হামলার হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে এ বিষয়ে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

























