ইসরায়েল প্রথম রাষ্ট্র হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিলো
- প্রকাশঃ ১০:০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 71
ফাইল ছবি : রয়টার্স
ইসরায়েল শনিবার আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তি স্বাক্ষর করেছে। এটি হলো সোমালিল্যান্ডকে দেশের মর্যাদা দেয়ার প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, আজ আমরা সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছি। একইসাথে, আব্রাহাম অ্যাকর্ডসের চেতনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে।
সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দিরাহমান মোহাম্মদ আব্দুল্লাহি স্বীকৃতিকে কৌশলগত অংশীদারির সূচনা হিসেবে অভিহিত করেছেন। এক্সে তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা ইসরায়েল রাষ্ট্রের প্রধানমন্ত্রীর স্বীকৃতিকে উষ্ণ অভ্যর্থনা জানাই এবং আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে সোমালিল্যান্ড প্রস্তুত।
১৯৯১ সালে স্বাধীনতা ঘোষণা করা সোমালিল্যান্ড বহু বছর ধরে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তদবির চালিয়ে আসছে। প্রেসিডেন্ট আব্দুল্লাহির জন্য এটি অন্যতম অগ্রাধিকার বিষয়।
এক পৃথক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সার জানিয়েছেন, দুই দেশ পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য সম্মত হয়েছে। এতে রাষ্ট্রদূত নিয়োগ, দূতাবাস খোলা এবং বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সহযোগিতা অন্তর্ভুক্ত থাকবে। তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমার মন্ত্রণালয়কে সঙ্গে সঙ্গে কাজ শুরু করার নির্দেশ দিয়েছি।
নেতানিয়াহুর দপ্তর আরও জানিয়েছে, প্রেসিডেন্ট আব্দুল্লাহিকে ইসরায়েল সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট তার ঐতিহাসিক ঘোষণার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন।

























