সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করল আরব দেশগুলো
- প্রকাশঃ ০৪:০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / 66
ছবি: সংগৃহীত
সোমালিয়া থেকে বিচ্ছিন্ন সোমালিল্যান্ড অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আরব ও উপসাগরীয় দেশগুলো। তারা এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে এবং সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
সৌদি আরব এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের এই সিদ্ধান্ত একটি একতরফা ও বিচ্ছিন্নতাবাদী পদক্ষেপ, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সোমালিয়ার সার্বভৌমত্ব, ভূখণ্ডের ঐক্য ও অখণ্ডতার প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা জোর দিয়ে উল্লেখ করেছে। একই সঙ্গে সোমালিয়ার স্থিতিশীলতা ক্ষুণ্ন করে এমন যেকোনো ‘সমান্তরাল সত্তা আরোপের প্রচেষ্টা’ প্রত্যাখ্যান করেছে রিয়াদ। বিবৃতিতে বলা হয়, সৌদি আরব সোমালিয়ার বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পাশে রয়েছে।
ফিলিস্তিনও সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতির কড়া নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইন, আরব ও আন্তর্জাতিক ঐকমত্য এবং ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সিদ্ধান্ত অনুযায়ী সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতাকে পূর্ণ সমর্থন করে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, বিচ্ছিন্নতাকে বৈধতা দেওয়ার যেকোনো উদ্যোগ সোমালিয়ার স্থিতিশীলতা ও সার্বভৌমত্বকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
মিশর জানিয়েছে, ইসরায়েলের এই পদক্ষেপের বিরোধিতা করতে তারা আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমালিয়া, তুরস্ক ও জিবুতির নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় সংশ্লিষ্ট দেশগুলো স্বীকৃতির ‘সম্পূর্ণ প্রত্যাখ্যান ও নিন্দা’তে একমত হয়েছে এবং সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
কুয়েতও এই স্বীকৃতিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী পদক্ষেপ হিসেবে প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমালিয়ার সমগ্র ভূখণ্ডের ওপর দেশটির সার্বভৌমত্ব এবং বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি কুয়েতের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে।
ইরাক ইসরায়েলের এই সিদ্ধান্তকে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। আরব লীগের বর্তমান অধিবেশনের সভাপতি হিসেবে বাগদাদ এক বিবৃতিতে বলেছে, এই স্বীকৃতি সোমালিয়ার ঐক্যকে ক্ষুণ্ন করে এবং আফ্রিকার হর্ন অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বেআইনি অনুশীলনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (২৬ ডিসেম্বর) বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইসরায়েল। ১৯৯১ সালে সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করলেও এতদিন সোমালিল্যান্ড কোনো আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি।
সোমালি সরকার বরাবরের মতোই সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে এবং অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করছে। সোমালিয়ার মতে, এ বিষয়ে যেকোনো সরাসরি চুক্তি বা সম্পৃক্ততা তাদের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের সুস্পষ্ট লঙ্ঘন।

























