টেকনাফের দুটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
- প্রকাশঃ ১২:৫৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 71
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পাশের আরেকটি ক্যাম্পেও ছড়িয়ে পড়ে বলে জানা গেছে।
খবর পাওয়া পর্যন্ত স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে চলতি মাসের ২৫ ও ২৬ ডিসেম্বর উখিয়ার পৃথক দুটি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওইসব ঘটনায় একটি হাসপাতালসহ অন্তত পাঁচটি ঘর পুড়ে যায়।
সাম্প্রতিক সময়ে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা ও অগ্নি-নির্বাপণ ব্যবস্থার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।






























