কারওয়ান বাজারে চাঁদাবাজবিরোধী মানববন্ধনে হামলা: বহিষ্কৃত যুবদল নেতার নেতৃত্বে সন্ত্রাস, পাল্টা ধাওয়া ব্যবসায়ীদের
- প্রকাশঃ ০৬:২০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- / 74
ছবি: সংগৃহীত
রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে যুবদলের ‘বহিষ্কৃত’ সাধারণ সম্পাদক আবদুর রহমানের নেতৃত্বাধীন একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা লাঠিসোটা নিয়ে হামলাকারীদের ধাওয়া দেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, শান্তিপূর্ণভাবে মানববন্ধন চলাকালে হঠাৎ করে হামলা চালানো হয়, যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে তেজগাঁও জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পুলিশের উপস্থিতিতে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, যুবদলের বহিষ্কৃত নেতা আবদুর রহমানের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালিয়েছে। এ সময় কয়েকজন ব্যবসায়ী পুলিশের একাংশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট থানার কয়েকজন সদস্যকে প্রত্যাহারের দাবি জানান।
ব্যবসায়ীরা দাবি করেন, চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। মানববন্ধনের পর চাঁদাবাজদের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও, এই বাংলায় চাঁদাবাজির ঠাঁই নেই-এমন স্লোগান দেন।
কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করছিলাম। কিন্তু হঠাৎ করেই আমাদের ওপর হামলা করা হয়। ঘটনাস্থলে পুলিশ থাকার পরও কীভাবে এ হামলা হলো, সেটিই আমাদের প্রশ্ন। পরে আমরা ঐক্যবদ্ধ হয়ে হামলাকারীদের প্রতিহত করি।
এলাকার আরও কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, স্থানীয় চাঁদাবাজ আবদুর রহমানের বাহিনী তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে সংঘাতপূর্ণ করে তোলে। তারা এ হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
এ বিষয়ে তেজগাঁও থানার ওসি ক্যশৈনু বলেন, কারওয়ান বাজারে আবদুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবসায়ীরা মানববন্ধন করছিলেন। ওই সময় কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কেউ মামলা দেয়নি, তবে এজাহার পেলে মামলা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগ নতুন করে সামনে আসে। এ প্রেক্ষাপটে ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের তেজগাঁও থানার সদস্য সচিব আবদুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।






























