কাবা শরীফে তাওয়াফরত অবস্থায় ওমরাহ পালনকারীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 110
পবিত্র কাবা শরীফে ওমরাহ পালনের সময় হার্ট অ্যাটাকে এক মুসল্লির মৃত্যু হয়েছে। মালদ্বীপের সংবাদমাধ্যম রাজ্জে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইমতিয়াজ (৬২)। তিনি আল-মানাসিক হজ ও ওমরাহ গ্রুপের অধীনে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে কাবা চত্বরে তাওয়াফরত অবস্থায় তিনি হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, মোহাম্মদ ইমতিয়াজ দ্বিতীয়বারের মতো ওমরাহ পালন করছিলেন। এর আগে থেকেই তিনি হৃদ্রোগে ভুগছিলেন এবং তার বুকে একটি পেসমেকার বসানো ছিল বলে পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
হঠাৎ এই মৃত্যুর ঘটনায় ওমরাহ পালনকারী মালদ্বীপের মুসল্লিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছে বলে জানা গেছে।
সূত্র: রাজ্জে












